২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার স্থিতিশীলে ‌‘প্যাকেজ’ আসছে

পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর আড়াই ঘণ্টাকাল বৈঠকের পর এসইসি সদস্য হেলাল উদ্দিন নিজামী জানালেন, দুই-এক দিনের মধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ 'উদ্ধারে' দুই-এক দিনের মধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বৈঠক শেষে রোববার রাতে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আড়াই ঘণ্টার এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এ সদস্য। হেলাল উদ্দিন বলেন, "ক্ষুদ্র বিনিয়োগকারীদের চিহ্নিত করা এবং তাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বিচার- বিশ্লেষণ করতে কিছুটা সময় লাগছে। বাজারের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে অচিরের তাদের স্বার্থ রক্ষার জন্য এবং বাজার স্থিতিশীল করতে একটি সমন্বিত প্যাকেজ ঘোষণা করা হবে।" ক্ষুদ্র বিনিয়োগকারীদের 'ক্ষতি' পোষানোর বিভিন্ন পদক্ষেপ এ বৈঠকে চূড়ান্ত হবে বলে অর্থমন্ত্রী দুপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন। হেলাল উদ্দিন বলেন, "বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে যা যা করা প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন। আজকের বৈঠকে অর্থমন্ত্রীও একই নির্দেশনা দিয়েছেন। এ সব নির্দেশনা মেনে এসইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।" পুঁজিবাজার সুস্থির করতে বাংলাদেশ ব্যাংক কী কী পদক্ষেপ নেবে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বাজার সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংককে যে সব পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক সেগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে। যে প্যাকেজ ঘোষণা করা হবে তাতে সে বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।" পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর ওপর অর্থমন্ত্রী জোর দিয়েছেন বলে জানান এসইসি সদস্য। পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় (কালো টাকা) বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "বাজারে বিনিয়োগকারীদের মধ্যে অপ্রদর্শিত আয় বিনিয়োগের ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে সংশয় থাকার কোনো কারণ নেই। ইতোপূর্বে এসইসির পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত বিষয়টি স্পষ্ট করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।" গত বুধবার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এসইসির সদস্য আরিফ খান সাংবাদিকদের জানিয়েছিলেন, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করলে কোনো সংস্থা থেকে কোনো প্রশ্ন করা হবে না। হেলাল উদ্দিন বলেন, "সরকার অত্যন্ত সহানভূতি ও গুরুত্বের সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য বদ্ধপরিকর। পুঁজিবাজারকে স্থিতিশীল করবার জন্য প্রয়োজনীয় যে সব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনা করে এসইসি তার সবই নেবে।" প্যাকেজে কী কী থাকছে- জানতে চাইলে এ মুহূর্তে কিছু বলতে অপারগতা জানিয়ে তিনি বলেন, সংবাদ সম্মেলন করেই এর বিস্তারিত তুলে ধরা হবে। শেরেবাংলা নগরে পরিকল্পনা চত্বর এলাকায় এনইসি-২ এ রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠকে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। টানা কয়েকদিনের দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর বুধবার বাজার সংশ্লিষ্ট ২০ জনেরও বেশি কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে থেকে 'পুঁজিবাজারের জন্য যা যা প্রয়োজন' তা করার ঘোষণা আসে। এর তিন দিন পর বাজার সংশ্লিষ্টদের নিয়ে বসলেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, পুঁজিবাজার বিষয়ক উপদেষ্টা পরিষদের আহ্বায়ক বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর মো. ফরাসউদ্দিন এবং দুই সদস্য এসইসির সাবেক সভাপতি ফারুক আহমেদ সিদ্দিকী ও আইনজীবী আনিসুল হক এ বৈঠকে ছিলেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন, এসইসির চার সদস্য হেলালউদ্দিন নিজামী, আমজাদ হোসেন, এ সালাম সিকদার ও আরিফ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ এবং দুই স্টক এক্সচেঞ্জের দুই জন করে পরিচালকও অংশ নেন এ বৈঠকে। বৈঠকে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, পুবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি কে মাহমুদ সাত্তার, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শেফায়েত উল¬াহ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ-আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, সিডিবিএল'র ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে যোগ দেন। সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে মেজর জেনারেল রেজানুর রহমান খান এ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআইটি/আরবি/এফএফএস/এমআই/২৩৪৫ ঘ.