২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি ভালো আছে: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো রকম অর্থনৈতিক সঙ্কট নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো রকম অর্থনৈতিক সঙ্কট নেই। ৪০তম সমবায় দিবস উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমি আপনাদের জানাতে চাই- অর্থনৈতিক অবস্থা প্রকট হয়নি। আমরা অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছি। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্বেও আমরা অনেক ভালো জায়গায় আছি।" দেশে তারল্য সঙ্কট নেই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "অনেকে বলেন- অর্থ নেই, অর্থ নেই। মোবাইল ফেনের লাইসেন্স রিনিউ করে আমরা অনেক হাজার কোটি টাকা পেয়েছি। কয়েক মাস পর আরো কয়েক হাজার কোটি টাকা আসবে।" প্রধান বিরোধী দল বলে আসছে, সরকারের ব্যর্থতায় দেশের অর্থনীতি নাজুক হয়ে পড়েছে। তেলের দাম বাড়ানোয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছে বিএনপি। বিদ্যুতে ভর্তুকি বিদ্যুত খাতে সরকারে ভর্তুকির সমালোচনা করে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন নিবন্ধের বক্তব্য প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, "আমি বিদ্যুত বিভাগকে বলেছি, যারা আর্টিকেল লিখছেন- 'ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কী দরকার ছিলো', তাদের লাইন দুদিনের জন্য কেটে দিতে।" দুই আঙল তুলে কাঁচি দিয়ে কাটার মতো ইশারা করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের উৎপাদিত বিদ্যুতে এসি রুমে বসে লিখবে। দুদিন বিদ্যুত ছাড়া থেকে দেখুক।" এর আগে কোনো সরকার এতো অল্প সময়ে এতো বিদ্যুৎ গ্রিডে যোগ করতে পারেনি বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, তার সরকার যেসব সমস্যা নিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলো, একে একে সেগুলোর সমাধান চলছে। 'গরমে স্যুট নয়' বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বিদ্যুতের দাম বাড়লে চিৎকার শুনি। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন লাইনের জন্যও খরচ আছে।" বস্তিগুলোতে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "অবৈধ সংযোগ নিয়ে বস্তিগুলোতে সংযোগ দেওয়া হয়। তা দিয়ে তাদের সংসারের দৈনন্দিন কাজ চলে। এগুলো আমরা কিছু দেখি, আবার কিছু দেখেও দেখি না। এই ছিন্নমূল মানুষগুলোকে তো রান্না করে খেতে হবে।" শীতাতপ যন্ত্রের ব্যবহার পরিমিত করতে গ্রীষ্ম মৌসুমে সরকারি কর্মকর্তাদের স্যুট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, "সরকারি কর্মকর্তাদের এখন আর স্যুটি-বুটি হয়ে যেতে হয় না। পোশাক আবহাওয়ার ওপর নির্ভরশীল। গরমে স্যুট পড়ার দরকার নেই।" সমবায় পুরস্কার ও মেলার উদ্বোধন ৪০তম সমবায় দিবসের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০০৯ এবং ২০১০ সালের ১৮জন ব্যক্তি এবং ২০টি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার দেওয়া হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফেকা ইকফাৎ এবং জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু। সমবায়ের মাধ্যমে উপকৃত নারী রহিমা বেগম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি জানান, কারো সাহায্য ছাড়াই তিনি এখন সাতটি যানবাহনের মালিক। এরপর প্রধানমন্ত্রী ঢাকা মহানগর পল্লী উন্নয়ন ও সমবায় মেলায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন এবং সারাদেশে সমবায় মেলার উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া অনলাইন কোঅপারেটিভ মার্কেট এক্সচেঞ্জেরও উদ্বোধন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫৫৯ ঘ.