ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'শর্তহীনভাবে' পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলেন, "শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং সুস্থ ও সুষম প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ।"
টানা দরপতনের পর পুঁজিবাজারে আস্থা ফেরাতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে সিদ্ধান্তের পরদিন এ উদ্বেগ জানালো সংস্থাটি।
ইফতেখারুজ্জামান বলেন, "[এর ফলে] সার্বিকভাবে সমাজে সৎ উপার্জন নিরুৎসাহিত হবে এবং শেয়ারবাজার কালোটাকার মালিকদের নিয়ন্ত্রণে চলে যাবে।"
কালোটাকা বিনিয়োগের সুযোগ স¤প্রসারণ মহাজোট সরকারের দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকারের মাপকাঠিতে 'আত্মঘাতী' হবে দাবি করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহবানও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সুপারিশে চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় পুঁজিবাজারে ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখার ঘোষণা দেন অর্থমন্ত্রী।
তবে এর পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলেছিল, এক্ষেত্রে এনবিআরকে জানাতে হবে এবং একটি ফরম পূরণ করে তারপরই অর্থ বিনিয়োগ করতে হবে।
পরবর্তীতে পুঁজিবাজারে দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পরে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও এনবিআরের বৈঠকের পর বিষয়টি স্পষ্ট করে এসইসি জানায়, আগের মতোই 'শর্তহীনভাবে' পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রয়েছে। এক্ষেত্রে অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না।
বুধবার রাতে গণভবনে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠকের পর এই বিষয়টি পুনরায় নিশ্চিত করে এসইসি।
ওইদিন পুঁজিবাজার সংশ্লিষ্ট ২০ জনেরও বেশি কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ জরুরি বৈঠকের পর এসইসির এক সদস্য বিষয়টি পুনরায় নিশ্চিত করে।
এসইসি সদস্য আরিফ খান সাংবাদিকদের বলেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আগে যেভাবে ছিল (বাজেটে দেওয়া ঘোষণা) এখনো সেভাবে থাকবে। কোনো সংস্থা এ নিয়ে প্রশ্ন করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/০১১১ ঘ.
bdnews24