২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক রপ্তানিতে নতুন চ্যালেঞ্জ

বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পাকিস্তানকে ইউরোপীয় ইউনিয়ন রপ্তানিতে সুবিধা দেওয়ায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পাকিস্তানকে ইউরোপীয় ইউনিয়ন রপ্তানিতে সুবিধা দেওয়ায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বাণিজ্য সচিব গোলাম হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এতে দুই বছরে বাংলাদেশ মোট দুই কোটি ডলারের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হবে। বন্যার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাকিস্তানের ৭৫টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার (জিএসপি) দিলেও বাংলাদেশ ও ভারতের আবেদনে কয়েকটি পণ্যের ওপর বিশেষ শর্ত আরোপ করেছে ইইউ ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। বাংলাদেশ তৈরি পোশাক খাতের আটটি পণ্যের ওপর নিয়ন্ত্রণ চাইলেও সংস্থাটি ৭৫টি পণ্যের মধ্যে ১৩টিকে দুই বছরের জন্য ২০ শতাংশ পর্যন্ত রপ্তানি বৃদ্ধির সুযোগ বেঁধে দিয়েছে। এ ১৩টি পণ্যের মধ্যে ছয়টির বিষয়ে বাংলাদেশের আপত্তি ছিলো। সচিব বলেন, পাকিস্তানকে তাদের ৭৫টি পণ্যকে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত হলে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা তাৎক্ষণিকভাবে ইইউকে জানানো হয়। বাংলাদেশ ইইউকে বলে, যে কেউ মানবিক কারণে যে কোনো দেশকে সাহায্য করতে পারে। তবে সাহায্য ও বাণিজ্যকে এক করা উচিৎ হবে না। সচিব বলেন, ইইউ এবং ডব্লিউটিও বাংলাদেশের আপত্তি করা আটটি পণ্যের মধ্যে ছয়টির ওপর বিশেষ শর্ত আরোপ করেছে। তবে দুটির ক্ষেত্রে পাকিস্তানকে শুল্ক ও কোটা মুক্ত সুবিধা দিয়েছে। "এতে পাকিস্তান দুই বছরে সর্বোচ্চ দুই কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করার সুযোগ পাবে। এতে প্রত্যেক বছর তাদের এক কোটি ডলার পর্যন্ত রপ্তানি আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে," বলেন তিনি। বাংলাদেশ প্রত্যেক বছর ৫ কোটি ৮০ লাখ ডলার সমমূল্যের এ দুই ধরনের তৈরি পোশাক ইইউভুক্ত দেশে রপ্তানি করে থাকে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন। ভারত প্রথমে আপত্তি জানালেও পরে তা তুলে নিয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, "এ জন্য পাকিস্তানকে এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ইইউ জোরালো পদক্ষেপ নিতে পেরেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৩৫ ঘ.