আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাণিজ্য ঘাটতি। চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮১ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৪৮ শতাংশ বেশি।
রপ্তানির চেয়ে আমদানি অনেক বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এবার বাণিজ্য ঘাটতি গতবারের চেয়েও বেশি হবে বলে মনে করছেন তিনি।
মোস্তাফিজুর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত অর্থবছরের মতো চলতি অর্থবছরের শুরুতেও আমদানি ব্যয় বৃদ্ধির ধারা অব্যাহেেত রয়ছে। সে তুলনায় রপ্তানি আয় বাড়ছে না। আগামীতে আমদানি ব্যয় কমবে বলে মনে হয় না। কিন্তু রপ্তানি আয়ের নেতিবাচক ধারার আভাস পাওয়া যাচ্ছে। সে পরিস্থিতিতে এবার পণ্য বাণিজ্যে গত বারের চেয়েও বেশি ঘাটতির মুখোমুখি হবে বাংলাদেশ।"
তার মতে, জ্বালানি তেল আমদানি খাতে সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেশি বাড়ছে। এ জন্য তেলের দাম বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন তিনি।
গত ১০ নভেম্বর প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম পাঁচ টাকা করে বাড়ানো হয়।
বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের প্রথম তিন মাাসে জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য বাণিজ্যে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮১ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে বাংলাদেশ ৮০১ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে রপ্তানি করেছে ৬১৯ কোটি ৬০ লাখ ডলারের পণ্য।
গত অর্থবছরের একই সময়ে ঘাটতির পরিমাণ ছিলো ১৪৬ কোটি ৯০ লাখ ডলার। ওই তিন মাসে ৬৫০ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিলো। আর রপ্তানি আয় এসেছিলো ৫০৩ কোটি ৭০ লাখ ডলার।
২০১০-১১ অর্থবছরের পুরো সময়ে মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো ৭৩২ কোটি ৮০ লাখ ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) পণ্য বাণিজ্যে ঘাটতি গত অর্থবছরের একই সময়ের চেয়ে কম ছিলো। কিন্তু সেপ্টেম্বর মাসে আমদানি ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতিও বেড়ে গেছে।
চলতি বছরের জুলাই-আগস্ট সময়ে ঘাটতির পরিমাণ ছিলো ৪০ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে ঘাটতি ছিলো ৭৮ কোটি ৪০ লাখ ডলার।
আমদানি-রপ্তানির সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে গত বছরের সেপ্টেম্বরের চেয়ে আমদানি ব্যয় বেড়েছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে রপ্তানি আয় বেড়েছে মাত্র ২ দশমিক ২৯ শতাংশ।
তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) হিসাবে আমদানি ব্যয় বেড়েছে ২৪ দশমিক ৭৯ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছে ২২ দশমিক ৫৬ শতাংশ।
জুলাই-সেপ্টেম্বর সময়ে জ্বালানি তেল আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বেড়েছে ১০৭ দশমিক ২৯ শতাংশ। আর এলসি নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ১০২ শতাংশ।
২০১০-১১ অর্থবছরে আমদানি ব্যয় ও রপ্তানি আয় প্রায় সমানতালে বেড়েছিলো। আমদানি ব্যয় বেড়েছিলো ৪১ দশমিক ৭৯ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছিলো ৪১ দশমিক ৪৭ শতাংশ।
এবার মোট রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি নাও হতে পারে- এমন আভাস দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, গতবার বিশ্ববাজারে তুলা ও সুতার দাম অনেক বেশি থাকায় আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের দামও বেশি ছিলো। সে কারণে অনেক বেশি রপ্তানি আয় দেশে এসেছিলো। কিন্তু এখন সুতা ও তুলার দাম আগের তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। পোশাকের দামও কমে গেছে। ফলে এবার মোট রপ্তানি আয়ের হিসাবে গতবারের মতো উচ্চ প্রবৃদ্ধি হবে না বলে মনে হচ্ছে।
"তবে এতে রপ্তানিকারকদের কোনো সমস্যা হবে না। গতবার তাদের উৎপাদন খরচ বেশি পড়েছিলো। বেশি আয় করেছিলো। এবার উৎপাদন খরচ কম হচ্ছে। আয় কম হবে। এতে তাদের ক্ষতির কোনো শঙ্কা নেই," যোগ করেন তিনি।
মোস্তাফিজুর বলেন, "পরিমাণগত দিক দিয়ে রপ্তানি কমছে না। টাকার অঙ্কে কমছে। কিন্তু আমাদের উদ্যোক্তারা (পোশাক শিল্প মালিকরা) এ বিষয়টি হিসাবে না নিয়ে অযথা আতঙ্কিত হচ্ছেন।"
বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণীতে আমদানি ও রপ্তানির যে হিসাব দেওয়া হয়েছে, তাতে আমদানি ও রপ্তানি পণ্য মূল্যের প্রকৃত হিসাব (এফওবি) দেখানো হয়েছে। এ হিসাবে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ইন্সুরেন্স (বীমা), পিএসআই (প্রাক-জাহাজীকরণ পরিদর্শন), ফ্রেইট ফরওয়ার্ডিং চার্জসহ অন্যান্য চার্জ বাদ দিয়ে হিসাব করা হয়েছে। এ সব চার্জ সেবা খাতের সঙ্গে যোগ করা হয়েছে। সে কারণে মোট রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের যে হিসাব পাওয়া যায়, তার সঙ্গে এ হিসাবের হেরফের থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১০৩৫ ঘ.
bdnews24