আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাসে তিন দফা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামও বাড়ানো হচ্ছে আবার। গণশুনানি শেষে ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবগুলো বিতরণকারী সংস্থার প্রস্তাব বিচেনায় নিয়ে গণশুনানির বিষয়টি নির্ধারণ করা হয়েছে। যেহেতু অগাস্টে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে খুচরা বিদ্যুতের দাম বাড়নোর জরুরি হয়ে পড়েছে।"
"সব সংস্থার শুনানি শেষে আগামী ডিসেম্বরে খুচরা বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে," যোগ করেন তিনি।
বিদ্যুতের দাম বাড়াতে বিতরণকারী সংস্থাগুলোর প্রস্তাব বিবেচনার জন্য গণশুনানির তারিখও ইতোমধ্যে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রস্তাব নিয়ে ১০ নভেম্বর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবে ১৭ নভেম্বর এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রস্তাবের ওপর ২৪ নভেম্বর গণশুনানি হবে।
তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রস্তাবের ওপর গণশুনানির জন্য এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।
এর আগে গত ২০ অক্টোবর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) গণশুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। নভেম্বর মাঝামাঝি অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ শুনানি হতে পারে বলে জানিয়েছে বিইআরসি।
এ ছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাভুক্ত সমিতিগুলোর ক্ষেত্রে বিদ্যুতের খুচরা দাম বাড়ানোর বিষয়ে গত এপ্রিল মাসে গণশুনানি হয়। ওই শুনানি শেষে কমিশনের পক্ষ থেকে এক মাসের মধ্যে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিলো। তবে মে মাসে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর কারণে সমালোচনার মুখে পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে বিইআরসি।
গত ১ অগাস্ট থেকে বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম প্রতি কিলোওয়াট-ঘণ্টা ২ টাকা ৬৩ পয়সা থেকে ছয় দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৮১ পয়সা করা হয়। আর বৃহস্পতিবার মধ্যরাত থেকে লিটারে পাঁচ টাকা করে বাড়ানো হয় ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের বিক্রয়মূল্য।
সরবরাহকারীদের প্রস্তাব
গত ১৮ সেপ্টেম্বর বিইআরসি কার্যালয়ে এক উম্মুক্ত সভায় ডেসকো প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ২১ দশমিক ৯৪ শতাংশ এবং ওজোপাডিকো গড়ে ১৮ দশমিক ৯৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়।
এ ছাড়া ৫ অক্টোবর আরেক উম্মুক্ত সভায় পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ২১ শতাংশ এবং ডিপিডিসি গড়ে ১১ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়।
পাশাপাশি সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জ, সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জও বাড়ানোর প্রস্তাব রাখে সবগুলো প্রতিষ্ঠান।
সর্বশেষ গত ৮ ফেব্র"য়ারি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম 'অন্তবর্তী' সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। ১ ফেব্র"য়ারি থেকে এ দাম কার্যকর করা হয়।
তখন বলা হয়েছিলো- আবাসিক গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ) গ্রাহকের জন্য এই বর্ধিত দাম কার্যকর হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জেকে/১৪৪০ ঘ.
bdnews24