চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, এবারের ঈদুল আজহায় ব্যবসায়ীরা 'সুন্দর ও সৎভাবে' ব্যবসা করায় নিত্যপণ্যের দাম ছিল নিুমুখী।
তিনি বলেন, "ব্যবসায়ীদের কারো কারো অতি মুনাফার লোভের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এবার ঈদে জিনিসপত্রের দাম ছিল নিুমুখী।"
"ব্যবসায়ীরা সুন্দর ও সৎ ভাবে ব্যবসা করায় বাজার স্থিতিশীল ছিল।" যোগ করেন বাণিজ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিকালে নগরীর রেলওয়ে পলোগ্রাউণ্ডে মাসব্যাপী পঞ্চম আন্তর্জাতিক 'উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ ২০১১'র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
নারী উদ্যোক্তাদের মেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "যখনই নারীদের কোনো দায়িত্ব দেওয়া হয়েছে তারা তা সুচারুভাবে পালন করেছে। পুরুষদের মতো বাংলাদেশী নারীরাও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সংখ্যার দিক দিয়ে এখন প্রথম স্থানে।"
চট্টগ্রামে একটি বিশেষায়িত অর্থনৈতিক এলাকা (স্পেশালাইজড ইকোনোমিক জোন) গড়ে তোলা হবে বলে জানান ফারুক খান।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইণ্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) আয়োজিত মেলার উদ্বোধনে চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, "চট্টগ্রামে প্রস্তাবিত শিল্প পার্কে স্থাপনের জন্য গত চার বছর আগে নারী উদ্যোক্তাদের প্রায় একশটি প্রকল্প শিল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হযেছে। কিন্তু এখনো তা আটকে আছে।"
সিডব্লিউসিসিআই'র একটি নিজস্ব ভবনের জন্য জমি বরাদ্দের দাবি জানান তিনি।
চট্টগ্রামের ২২ জন নারী উদ্যোক্তা মিলে একটি ব্যাংক পরিচালনা করছেন জানিয়ে ওই ব্যাংকের সরকারি নিবন্ধন দেওয়ার আবেদন জানান মনোয়ারা।
এবারের মেলায় চারশটি ছোট-বড় স্টল ও ২০টি প্যাভিলিয়ন থাকছে।
মেলা আয়োজনে সহযোগিতা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই ও এসএমই ফাউন্ডেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪৫ ঘ.
bdnews24