২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স নবায়ন আদালতের আদেশের পর: জিয়া

টেলিযোগাযোগ মন্ত্রণালয় টু-জি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে নির্দেশনা দিলেও নিয়ন্ত্রক সংস্থা বলেছে, আদালতের আদেশ পাওয়ার পর তার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ মন্ত্রণালয় টু-জি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে নির্দেশনা দিলেও নিয়ন্ত্রক সংস্থা বলেছে, আদালতের আদেশ পাওয়ার পর তার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন করা হবে। আইনি বাধা না থাকলে এবং নীতিমালার অন্যান্য শর্ত ঠিকমতো পূরণ করা হলে টু-জি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স 'একই সময়ে' নবায়ন করার নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসির) চিঠি দেয় মন্ত্রণালয়। এর অনুলিপি চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলকেও পাঠানো হয়। বিকেলে এ বিষয়ে এক বৈঠকের পর বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ সাংবাদিকদের বলেন, "বিষয়টি আদালতে আছে। আদালতের নির্দেশনা পেলেই সবার লাইসেন্স নবায়ন করা হবে।" তবে আপাতত অপারেটরগুলোর কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি। জিয়া বলেন, "বিষয়টি আমরা সংশ্লিষ্ট অপারেটরদের জানিয়েছি। সন্ধ্যা পর্যন্ত তারা কেউ কোনো আপত্তি করেনি।" অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তারা বলছেন, আদালতের মাধ্যমে শিগগিরই বিষয়টির ফয়সালা হয়ে যাবে বলে আশা করছেন তারা। স্পেক্ট্রাম ফি ও ভ্যাট নিয়ে দুই মোবাইল অপারেটরের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নির্দেশনা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসির) পৌঁছায়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাফিউল হাসান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, মোবাইল অপারেটরদের স্পেক্ট্রামের ক্ষেত্রে 'মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর' প্রযোজ্য হবে না। এছাড়া কোম্পানিগুলোই উৎসে ভ্যাট কেটে রেখে বিটিআরসিকে 'ফি, চার্জ ও রেভিনিউ শেয়ারিং'- এর অর্থ পরিশোধ করবে। মন্ত্রণালয়ের এই নির্দেশনা কার্যতঃ অপারেটরদের পক্ষেই যায়। গত ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়নের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। সে অনুযায়ী ১০ নভেম্বরের মধ্যে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের নতুন লাইসেন্স দেওয়ার কথা। লাইসেন্স নবায়নের জন্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল ইতোমধ্যে নবায়ন ফি ও স্পেক্ট্রাম ফি বিটিআরসিতে জমা দিয়েছে। তবে স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়ে বিটিআরসির সঙ্গে দ্বন্দ্বের জেরে গ্রামীণফোন ও বাংলালিংক আদালতে যাওয়ায় এ দুটি প্রতিষ্ঠানের বিষয়ে স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে আদালত। গত ১৭ অক্টোবর গ্রামীণফোনকে দেওয়া এক চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া স্পেক্ট্রামের জন্য আরো ৩৮৪ কোটি টাকা দাবি করে বিটিআরসি। এ টাকা দিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে যায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটিং কোম্পানিটি। গ্রামীণফোনের দাবি, বিটিআরসির চিঠিতে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে। গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিশেষ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আদেশে বলেন, গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে। স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়েও সিদ্ধান্ত আসবে আদালত থেকেই। এর মধ্যে গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা না দিতে বিটিআরসিকে নির্দেশনা দেন তিনি। এর আগে বাংলালিংকও বিটিআরসির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ এনে আদালতে যায়। এ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা আসে হাইকোর্ট থেকে। লাইসেন্স নবায়ন নিয়ে 'কয়েকটি' অপারেটর নীতিমালার কয়েকটি বিধান 'স্পষ্ট' করার অনুরোধ জানিয়েছে উল্লেখ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, "বিটিআরসি ইস্যুকৃত নোটিশে গ্রামীণফোন ও বাংলালিংককে প্রদানকৃত যথাক্রমে ৭.৪ মেগাহার্জ ও ২.৬ মেগাহার্জ স্পেক্ট্রামের ক্ষেত্রে গাইডলাইনের অনুচ্ছেদ ৮ এ বর্ণিত 'মার্কেট কম্পিটিশিন ফ্যাক্টর' প্রযোজ্য করা হয়েছে। এছাড়া নোটিশে বলা হয়েছে, মোবাইল লাইসেন্স নবায়নের জন্য প্রযোজ্য সব ফি ও চার্জ কোনরকম কাটছাঁট ছাড়াই পরিশোধ করতে বলা হয়েছে। অর্থাৎ মূল্যে সংযোজন কর বিধিমালা, ১৯৯১ এর ১৮ (ঙ) অনুযায়ী জাতীয় রাজস্ববোর্ডের ধার্য করা মূল্যে সংযোজন কর (ভ্যাট) উৎসে কর্তন করা যাবে না।" এ বিষয়ে মন্ত্রণালয় বলেছে, মোবাইল লাইসেন্স নীতিমালা অনুযায়ী ২০০৮ সালের বরাদ্দ করা স্পেক্ট্রামের ক্ষেত্রে মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর প্রযোজ্য হবে না। অর্থাৎ অপারেটরদের গ্রাহক সংখ্যার ভিত্তিতে স্পেক্ট্রাম ফি নির্ধারণ করা যাবে না। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মূল্য সংযোজন কর বিধিমালার অধীনে লাইসেন্স নবায়ন ফি এবং লাইসেন্স শর্তাধীনে ফি/চার্জ/রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে "মোবাইল অপারেটরগুলোই (সুবিধা গ্রহনকারী) প্রযোজ্য মূসক উৎসে কর্তন করে বিটিআরসি (সুবিধা প্রদাণকারী) কর্তৃপক্ষকে অর্থ প্রদান করবে।" মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, এ দুটি বিষয়ে একধিক মোবাইল অপারেটর আদালতের নির্দেশনা চেয়েছে। তবে এ ব্যাপারে আদালতের কোনো বিধিনিষেধ নেই বলেও মন্ত্রণালয়কে জানিয়েছে তারা। তাছাড়া "ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অপারেটরের লাইসেন্স নবায়ন করা হলে এ খাতে বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে" উল্লেখ করে একই সময়ে লাইসেন্স নবায়ন করার জন্য বিটিআরসিকে নির্দেশনা দেয় মন্ত্রণালয়। বিটিআরসি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ২০০৮ এর বরাদ্দ করা স্পেক্ট্রামের ওপর 'মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর' ও ভ্যাটের বিষয়টি আদালতে সুরাহা হলেই লাইসেন্স নবায়ন প্রক্রিয়া শুরু হবে। "আদালতের ওপর সম্মান রেখেই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে", যোগ করেন তিনি। রবি ও সিটিসেল আদালতে না গেলেও তাদের লাইসেন্স নবায়নের বিষয়টি আটকে থাকার কারণ জানতে চাইলে জিয়া আহমেদ বলেন, "রবি ও সিটিসেলও ভ্যাটের অংশ বাদ দিয়েই লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি জমা দিয়েছে। সব অপারেটরের স্ট্যাটাস বজায় রাখতেই আমরা একসঙ্গে লাইসেন্স নবায়নের সিদ্ধান্ত নিয়েছি।" কতো দিনের মধ্যে লাইসেন্স নবায়নের বিষয়টি সুরাহা হবে জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, "বিষয়টি আদালতের। তাই এ ব্যাপারে বিটিআরসি কিছু বলতে পারবে না।" বিটিআরসির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গ্রামীণফোণের চিফ কমিউনিকেশন অফিসার কাজী মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত স্বল্প সময়ের মধ্যেই এ বিষয়ে রায় দেবে। কাজেই লাইসেন্স নবায়নের বিষয়টিও শিগগিরই হবে বলে আমরা আশাবাদী।" বাংলালিংকের জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মাসহিদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে আমাদেরও কোনো আপত্তি নেই, আদালতের রায়ের ওপরই সব কিছু নির্ভর করবে।" রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ক্যুনার বলেন "আমরা খুশি যে, আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়া নিশ্চিত হয়েছে। আমরা আশা করি সামনে লাইসেন্স বিষয়ে অমীমাংসিত বিষয়গুলোর একটি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান হবে।" সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশন তাসলিম আহমেদ দেশের বাইরে থাকায় অন্য কোনো কর্মকর্তা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৮১১ ঘ.