২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চামড়ার দাম নির্ধারণ হয়নি

আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ও দাম কমে যাওয়ার কারণে এবার কোরবানির ঈদে চামড়া কেনার দাম নির্ধারণ করেননি চামড়া প্রক্রিয়াকরণ কারখানা মালিক ও রপ্তানিকারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ও দাম কমে যাওয়ার কারণে এবার কোরবানির ঈদে চামড়া কেনার দাম নির্ধারণ করেননি চামড়া প্রক্রিয়াকরণ কারখানা মালিক ও রপ্তানিকারকরা। গত দুইমাস ধরে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমছে উল্লেখ করে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ট্যানারির মালিক ও ব্যবসায়ীরা গত চার বছর কোরবানির সময় চামড়া সংগ্রহের সর্বোচ্চ দাম বেঁধে দিলেও এবার তা সম্ভব হয়নি।" তিনি জানান, বাংলাদেশের ব্যবসায়ীরা দুই মাস আগেও প্রতি বর্গফুট 'হাই গ্রেড' চামড়া ২ ডলার ২০ সেন্ট এবং নিন্মমানের চামড়া ১ ডলার ১৫ সেন্ট থেকে ২৫ সেন্টের মধ্যে রপ্তানি করতেন। এখন সব ধরনের চামড়ার গড় দাম দাঁড়িয়েছে ১ ডলার ৪০ থেকে ৫০ সেন্টের মধ্যে। ট্যানারি মালিকরা সারা বছরই কম-বেশি চামড়া সংগ্রহ করলেও কোরবানির ঈদেই একসঙ্গে সবচেয়ে বেশি চামড়া কেনার সুযোগ হয় তাদের। বেলাল হোসেন জানান, সারা বছর দেশে যে পরিমাণ কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা হয়, তার অর্ধেকই সংগ্রহ করা হয় এই সময়টাতে। এবারের ঈদে সারাদেশে আনুমানিক ৪০ লাখেরও বেশি গরু-মহিষ এবং ৩৫ থেকে ৪০ লাখের মতো খাসী কোরবানি হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বিডিনিউজকে বলেন, "অন্যান্য বছর ঈদের আগে যেখানে রপ্তানির অর্ডার বেড়ে যায়, সেখানে এবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। অনেকের আগের অর্ডারগুলোও বাতিল হয়ে গেছে।" আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তান, ভারত, চীন, ভিয়েতনাম ও ব্রাজিলের রপ্তানিকারকদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় বলে উল্লেখ করেন তিনি। "তবে আমাদের দেশের চামড়ার মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে গত কয়েক বছরে চাহিদা বেড়েছে। আন্তর্জাতিক বাজার একটু স্থিতিশীল হলে বর্তমান সঙ্কটও কেটে যাবে", যোগ করেন বিটিএ সভাপতি। এদিকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যংক চামড়া কিনতে এবার ৩৫০ কোটি টাকার ঋণ দিচ্ছে। গত বছর এই ঋণের পরিমাণ ছিলো ৩২৫ কোটি টাকা। এর বাইরে কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংক এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংকও চামড়া কেনার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী ২০০৯-১০ অর্থবছরে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিলো ৩৫ কোটি ৩২ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরে তা সামান্য কমে হয় ৩৫ কোটি ৩০ লাখ ডলার। তবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে ৯ কোটি ২৮ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৫ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৮০১ ঘ.