মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কোরবানির পশুর হাটগুলো শনিবার জমজমাট বিকিকিনির পর হঠাৎ করেই কোরবানির 'পশুশূন্য' হয়ে পড়েছে। গরু ব্যবসায়ী এবং হাট সংশ্লিষ্টরা বলছেন, হাটে আসা প্রায় ৭৫ ভাগ গরু বিক্রি হয়ে যাওয়ায় আনেকেই এবার পছন্দসই পশু কিনতে পারবেন না।
সিরাজগঞ্জের নুরু সরদার এবার ৪৯টি গরু নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে কোরবানির হাটে এসেছিলেন। এর মধ্যে ৩৫টি গরুই শনিবার রাতের মধ্যে বিক্রি হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শনিবার আসরের পর থেকে দাম বাড়ছে ঘণ্টায় ঘণ্টায়। বিক্রিও হইছে বেশি। আমার ৪৯টা গরুর মধ্যে ৩৫টাই বেচছি কাইলগা রাইতে।"
হাট পরিচালনা কমিটির সদস্য হাফিজ বলেন, "হাটে এখন গরুর থেকে ক্রেতা বেশি। কাল রাতে হাটের বেশিরভাগ গরু বিক্রি হয়ে গেছে। বাকি যে কয়েকটি আছে- সুযোগ বুঝে সেগুলোরও দামও বাড়িয়ে দিয়েছে ব্যাপারিরা।"
"গতকাল যে গরুর দাম ছিলো ৩০ হাজার, আজ সেটা ৪৫ হাজারেও বিক্রি হচ্ছে," যোগ করেন তিনি।
পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে গরু কিনতে আসা প্রকৌশলী হাফিজ সিকান্দার বলেন, "একই সাইজের গরু গতবার কিনছি ৩৫ হাজারে; এখন সেটা ৬০ হাজারেও পাওয়া যাচ্ছে না।"
একই অবস্থা দেখা যায় বনানী-কাকলী পশুর হাটেও। নাটোরের রাজাপুর থেকে মোবারক কসাই ৪০টি গরু এনেছিলেন এ হাটে। এর মধ্যে রোববার সকাল থেকে ১১টার মধ্যে ৩০টি বিক্রি করেছেন তিনি।
"অবস্থা দেখে মনে হইতেছে বহু মানুষ এইবার কোরবানি দেওয়ার জন্য গরু কিনতে পারবে না", বলেন মোবারক।
এই সঙ্কটের কারণ জানতে চাইলে মোবারক বলেন, "একটা গরুর পিছনে প্রত্যেক দিন খাওয়ার খরচ ৩০০ টাকা। খাবারের দাম বাড়ায় এবার অনেক গৃহস্ত গরু পালা বাদ দিছে। নাটোরের রাজাপুর থেকে প্রতি বছর গরু আসতো ৩৪-৩৫ ট্রাক। এইবার আসছে মাত্র ১৫ গাড়ি।"
গাবতলী হাটের ব্যবসায়ী সোহেল আহমেদ বলেন, "হাটে গরু কম। ক্রেতাদের ভিড় থাকায় দামও বেশি। ৫০ হাজারের গরু বিক্রি হচ্ছে এক লাখ টাকায়।"
বনানী হাট কমিটির সদস্য মোহাম্মদ নাসিম জানান, "শনিবার বিকাল ৩টা থেকে রাতের মধ্যেই ৭৫ ভাগ গরু বিক্রি হয়ে গেছে। এখন যা আছে তার দামও চড়া।"
গরু কেনার জন্য বাড্ডা, বনরূপাসহ আরো কয়েকটি হাট ঘুরে ব্যবসায়ী এস এম রহমান এসেছিলেন বনানী হাটে। এখানে গরু পছন্দ হলেও দামে না বনায় ১৯ হাজার টাকায় দুটো খাসী কিনে বাড়ি ফেরেন তিনি।
বনানী হাট পরিচালনা কমিটির সদস্য খায়রুল ইসলাম বলেন, "গরুর অভাবে খাসীর কাস্টমার এখন বেশি, দামও বেশি। ৫ হাজারের খাসী এখন বিক্রি হচ্ছে আট-দশ হাজারে।"
ঢাকা সিটি কর্পোরেশন অনুমোদিত ১৩টি এবং জেলা প্রশাসকের অনুমোদিত ছয়টি মিলিয়ে রাজধানীতে মোট বৈধ হাট ১৯টি।
রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী ছাড়া ডিসিসির অনুমোদনপ্রাপ্ত অস্থায়ী হাটগুলো হচ্ছে ঝিগাতলা হাজারীবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, উত্তর শাহাজানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রিসংঘের মাঠ, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গোপিবাগের ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, ধুপখোলা ইন্ট অ্যান্ড ক্লাব মাঠ ও গোলাপবাগ মাঠসংলগ্ন ডিসিসির আদর্শ স্কুল মাঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৬০০ ঘ.
bdnews24