চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ বিভিন্ন প্রকার মসলার দাম পাইকারিতে কমলেও বেশি দামে বিক্রি হচ্ছে চট্টগ্রামের খুচরা বাজারে।
শুক্রবার চট্টগ্রামের খুচরা এবং পাইকারি বাজারে এসব মসলার দামের পার্থক্য ৫ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত দেখা যায়।
খুচরা ও পাইকারিতে দামের পার্থক্য সবচেয়ে কম পেঁয়াজে। পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে, তা খুচরা বাজারে চলছে ৩২ টাকায়।
আর সর্বোচ্চ পার্থক্য রয়েছে গরম মসলা, এলাচ এবং গোলমরিচের দামে। পাইকারি বাজারে প্রতি কেজি গরম মসলার দাম ১ হাজার ৩০০ টাকা হলেও খুচরায় তা বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়।
এছাড়া পাইকারিতে প্রতি কেজি ১ হাজার ১২০ টাকায় বিক্রি হওয়া এলাচ খুচরায় ১ হাজার ৪০০ টাকা এবং পাইকারির ৬২০ টাকার গোল মরিচ খুচরায় ৯০০ টাকা।
সকালে নগরীর রেয়াজুদ্দিন বাজার, কাজির দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট, মোগলটুলি বাজার ঘুরে পাইকারি বাজার ও খুচরায় বাজারে এ তফাৎ লক্ষ্য করা যায়।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, খুচরা বিক্রেতাদের কারসাজিতে পাইকারি দাম কমলেও তার প্রভাব বাজারে পড়ছে না।
অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, আগের কেনা পণ্য থাকাতে পাইকারিতে দাম কমলেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তবে পাইকার ও আমদানিকারকরা জানিয়েছেন, ঈদুল ফিতর'র পর থেকে মসলার বাজার স্বাভাবিক রয়েছে। অনেক পণ্যের দাম কমেছে বলেও দাবি করেন তারা।
দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে শুক্রবার সকালে প্রতি কেজি এলাচ ১ হাজার ১২০ টাকায় বিক্রি হলেও নগরীর কাজির দেউড়ি বাজারে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছিলো।
পাইকারি-খুচরায় পার্থক্য ৩০০ টাকা
আমদানিকারক ও খাতুনগঞ্জের অসীম এন্টারপ্রাইজের মালিক অসীম কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার প্রতি কেজি জিরা ৩৫৫ টাকা, মিষ্টি জিরা ১৪০ টাকা, লবঙ্গ ১ হাজার ৩০০ টাকা, গোলমরিচ ৬২০ টাকা, দারুচিনি ১৭০ টাকা, পেঁয়াজ মান ভেদে ২২ থেকে ২৭ টাকা, রসুন ৪৫ টাকায় বিক্রি হয়েছে।
অন্যদিকে নগরীর বাজারগুলোতে খুচরা বিক্রেতারা প্রতি কেজি গোল মরিচ ৯০০ টাকা, জিরা ৪৫০ থেকে ৪৬০ টাকা, মিষ্টি জিরা ২২০ টাকা, লবঙ্গ ১ হাজার ৬০০ টাকা, দারুচিনি ২৪০ টাকা, পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা এবং রসুন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।
বহদ্দারহাট বাজারের খুচরা বিক্রেতা আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদুল আজহায় সব ধরনের মসলার চাহিদা একটু বেশি থাকে। বেশি দামে আগের কেনা পণ্য মজুদে থাকায় সে হিসেবেই বিক্রি করতে হচ্ছে।
এ অভিযোগকে খুচরা বিক্রেতাদের কারসাজি দাবি করে খাতুনগঞ্জের রহমান ট্রেডার্সের মালিক জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাম বাড়লে তখন দ্রুত খুচরা বাজরেও দাম বাড়ে, কমলে তার প্রভাব পড়তে দেরি হবে কেন?"
দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আদা
নগরীর খুচরা বাজারগুলোতে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে দেশে উৎপাদিত আদা।
খাতুনগঞ্জ বাজারে শুক্রবার প্রতি কেজি দেশি আদা ২৭ থেকে ২৮ টাকায় বিক্রি হলেও নগরীর চকবাজারে খুচরা বিক্রেতারা ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি করছেন।
চকবাজারের রহমান স্টোরের বিক্রেতা আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি করা আদার সরবরাহ কমে যাওয়ায় দেশি আদার চাহিদা বেড়েছে। তাই বেড়েছে দাম।
খাতুনগঞ্জ সততা বাণিজ্যালয়ের বিক্রয়কর্মী শামীম জানান, প্রতি কেজি দেশি আদা ২৭ থেকে ২৮ টাকা এবং চীন থেকে আমদানি করা আদা প্রতি কেজি ৫২ টাকা বিক্রি করা হয়েছে।
খুচরায় চীন থেকে আনা আদা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে।
পেঁয়াজের সরবরাহ কমছে
পেঁয়াজের সরবরাহ কমতে থাকায় শনিবার থেকে পেঁয়াজের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা।
আমদানিকারকরা জানান, ঈদের কারণে স্থল পথে আমদানি ইতোমধ্যেই কমতে শুরু করেছে। ঈদে কয়েকদিন আমদানি বন্ধ থাকবে। এ কারণে সরবরাহ কমবে।
বেনাপোল স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানিকারক জয়নুল আবেদীন শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি ছুটি এবং ঈদের জন্য পাঁচদিন সীমান্ত বন্ধ থাকবে। এসময় ভারত থেকে কোন পেঁয়াজ আমদানি হবে না। তাই শনিবার থেকে পেঁয়াজের দাম বেড়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/১৮৪১ ঘ.
bdnews24