ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- চলতি অর্থবছরের প্রথম চার মাসে চারশ কোটি ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ বেশি।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি করে টাকা পাঠানোয় সেপেম্বরের চেয়ে অক্টোবর মাসে ২০ কোটি ডলার রেমিটেন্স বেশি এসেছে।
সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল ৮৫ কোটি ডলার। অক্টোবরে এসেছে ১০৪ কোটি ১৮ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই-অক্টোবর সময়ে ৩৬৩ কোটি ১৯ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছিল। আর চলতি বছরের একই সময়ে এসেছে ৪০১ কোটি ৪৬ লাখ ডলার।
গত বছরের অক্টোবরের চেয়ে চলতি বছরের অক্টোবরে রেমিটেন্স বেড়েছে ১২ দশমিক ৭৭ শতাংশ। গত বছরের অক্টোবরে ৯২ কোটি ৩৮ লাখ ডলার রেমিটেন্স এসেছিল।
অক্টোবরে সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ৩০ কোটি ৬৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ১০ লাখ ডলার।
৩০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭১ কোটি ৪ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৩৮ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২০৪২ ঘ.
bdnews24