২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও নিন্মমুখী: সচিব

বাণিজ্যসচিব বলেছেন, অতীতের যেকোনো ঈদের আগের বাজারের তুলনায় বর্তমানে ভোজ্য তেল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও নিন্মমুখী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যসচিব বলেছেন, অতীতের যেকোনো ঈদের আগের বাজারের তুলনায় বর্তমানে ভোজ্য তেল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও নিন্মমুখী। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। এর আগে সচিব রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের নিয়ে সয়াবিন, পামঅয়েল, চিনি এবং মশুর ডালসহ মসলাজাতীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা করেন। সভা শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে সচিব আবারো খোলা বিক্রি হয় এমন সব পণ্যের মূল্য তালিকা বিভিন্ন বাজারে টাঙানো, পাইকারি ও খুচরা মূল্যের মধ্যে যৌক্তিক ব্যবধান নিশ্চিত করা এবং ভেজাল পণ্য না রাখতে ও বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সর্বশেষ বাজার পরিস্থিতি তুলে ধরে গোলাম হোসেন বলেন, "গত তিন মাসের বাজার পরিস্থিতি পর্যালোচনা ও গড় করে দেখা যায়- সয়াবিন, পামঅয়েল, চিনি, পেঁয়াজ, রসুন, মশুর ডাল ও হলুদের মূল্য পাঁচ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমেছে।" "আন্তর্জাতিক বাজারে মূল্য কমার সঙ্গে সঙ্গেই বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।" এ সময় সচিব ভারতসহ প্রতিবেশী কয়েকটি দেশে এসব পণ্যের বাজারের সঙ্গে বাংলাদেশের দরের তুলনা করেন। বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ে অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, "গত কয়েকমাসে ভোক্তা অধিদপ্তর দুই হাজার ৬৩৮টি অভিযান চালিয়েছে। এতে তিন কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।" অভিযান পরিচালনা ও জরিমানা প্রসঙ্গে তিনি আরো বলেন, "অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তির তাৎক্ষণিক পরিশোধ করার ক্ষমতা অনুযায়ী জরিমানা করতে হবে। তবে ভেজাল পণ্য বিক্রির জন্য অভিযুক্তদের কোনো রকম ছাড় দেওয়া যাবে না।" সচিব বলেন, ঈদের আগের বাজার সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি দুই হাজার ৯০৫ জন ডিলারের মাধ্যমে পাঁচ হাজার মেট্রিক টন চিনি, ১৫ লাখ লিটার সয়াবিন এবং এক হাজার ২৫০ মেট্রিক টন মশুর ডাল বিক্রির ব্যবস্থা করেছে। সভায় এফবিসিসিআই'র পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক আবুল হোসেন মিয়া, টিসিবি'র চেয়ারম্যান সারোয়ার জাহানসহ বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩২ ঘ.