ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প খাতকে 'আহ্লাদিত খাত' বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, "আমাদের বেসরকারি খাতের একটা চরিত্র হচ্ছে খালি নালিশ করা। বিশেষ করে তৈরি পোশাক শিল্প মালিকরা খুব বেশি নালিশ করে। সব সময় তারা অসুবিধার (সমস্যা) কথা বলে। সব সময় তারা সরকারের কাছে সুবিধা চায়। আমরাও (সরকার) 'আহ্লাদিত খাত' বিবেচনা করে তাদের খাতির করি।"
"যেহেতু এই খাত সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। ২৩ বিলিয়ন ডলার রপ্তানি আয় দেশে আনছে, স্বাভাবিকভাবেই সরকার তাদের দুঃখ-কষ্ট আমলে নেয়। একটু বেশি খাতির করি।" বলেন মুহিত।
বৃহস্পতিবার দুপুরে সুইডেনের স্টেট সেক্রেটারি হানা হেলকুইস্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।
মুহিত বলেন, "এতোদিন সুইডেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা করেছে। এখন তারা তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করতে চায়। তারা আমাদের বেসরকারি খাতে বিনিয়োগ করতে চায়। জ্বালানি ও যোগাযোগ খাত, বন্দর ব্যবস্থাপনা এমনকি ট্রানজিট ইস্যুতেও তারা বিনিয়োগ করতে চায়।"
"আমি তাদের বলেছি বাংলাদেশ বিদেশি বিনিয়োগের (এফডিআই) জন্য খুবই ভালো জায়গা। কিন্তু আমাদের কিছু সমস্যার (আমলাতান্ত্রিক জটিলতা, জ্বালানি ও যোগাযোগ খাতে ঘাটতি) কারণে কাক্সিক্ষত এফডিআই আসছে না। অভিযোগ আছে দিনের পর দিন ফাইল আটকে থাকে। বিদেশি বিনিয়োগকারীদের ঝামেলা পোহাতে হয়। আমরা এ সব সমস্যা সমাধানের চেষ্টা করছি। বিনিয়োগ বোর্ডকে ঢেলে সাজানো হচ্ছে।"
সরকারের ব্যাংকঋণ বৃদ্ধিতে উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ১১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। তবে এ নিয়ে অর্থমন্ত্রী উদ্বিগ্ন নন বলে আবারো জানালেন বৃহস্পতিবার।
সরকারের ব্যাংঋণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "এ কথা ঠিক যে অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে। তবে আমি এটা নিয়ে মোটেও উদ্বিগ্ন নই।"
গত মাসেও অর্থমন্ত্রী বলেছিলেন, সরকারের ব্যাংকঋণ বেড়ে যাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
ব্যাংকঋণ বৃদ্ধির কারণ হিসেবে মুহিত বলেন, "অর্থবছরের প্রথম দিক হওয়ায় বিদেশি সাহায্যের প্রবাহ কম। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধিও কিছুটা কম। এ কারণে ব্যাংক থেকে একটু বেশি ঋণ নিতে হচ্ছে।"
"তবে আগামী মাসগুলোতে আর এ প্রবণতা থাকবে না।" মন্তব্য করে তিনি বলেন, "বিদেশি সাহায্যের গতি বাড়লে আর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বাড়লে ঋণের পরিমাণ কমে আসবে।"
মুহিত বলেন, "আমি আগেও বলেছি, এখনও বলছি, বাজেটে আমরা (সরকার) ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ধরেছিলাম, তা কোনো অবস্থাতেই অতিক্রম করবে না। বাজেট ঘাটতিও নির্ধারিত লক্ষ্যমাত্রার (৫ শতাংশ) মধ্যেই থাকবে।"
পরিসংখ্যান দিয়ে অর্থমন্ত্রী বলেন, "বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা আছে। আমি জোর দিয়ে বলছি, অর্থবছর শেষে এ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে না।"
'আমদানি ব্যয় বাড়লেও রিজার্ভ ভালো'
বৈদেশিক মুদ্রার বর্তমানে রিজার্ভ দিয়ে তিন মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, "সা¤প্রতিক সময়ে আমদানি ব্যয় বেশ বেড়েছে। তারপরও রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। রপ্তানি আয় বাড়ছে। বাড়ছে রেমিটেন্স প্রবাহ।"
আগামীতে রিজার্ভ পরিস্থিতি আরো ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ২০ বিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৮৪৫ ঘ.
bdnews24