২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়ে সিদ্ধান্ত আসবে আদালত থেকে

বিটিআরসির সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষাপটে গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত। স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়েও সিদ্ধান্ত আসবে আদালত থেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিআরসির সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষাপটে গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত। স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়েও সিদ্ধান্ত আসবে আদালত থেকেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির এক আবেদনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিশেষ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। আদেশে বলা হয়, মতভেদপূর্ণ স্পেক্ট্রাম অ্যাসাইনমেন্ট ফি ও ভ্যাটের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে পক্ষগণকে নির্দেশ দেওয়া হয়। বিটিআরসিকে দেওয়া অন্য নির্দেশনায় গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা না দিতেও বলা হয়েছে। একইসঙ্গে গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়টি আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলেও আদেশে বলা হয়। আগামী ১৪ নভেম্বর এ বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য কার্যতালিকার শীর্ষে থাকবে বলেও জানিয়েছেন চেম্বার বিচারপতি। আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব। গ্রামীণফোনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী। রেজা ই রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের এই আদেশের ফলে আপাতত লাইসেন্স নবায়ন হবে না। তা হবে আদালতের আদেশের পর। একইসঙ্গে এর মধ্যে গ্রামীণফোনের কার্যক্রম ব্যাহত করা যাবে না । গত ২৬ অক্টোবর হাইকোর্ট ২০০৮ সালে বরাদ্দ করা স্পেক্ট্রাম ফি বাবদ গ্রামীণফোনের কাছে টাকা চেয়ে বিটিআরসির দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে। ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে যায় বিটিআরসি। হাইকোর্টের আদেশ স্থগিতে বিটিআরসির করা আবেদনের শুনানিতে গত ১ নভেম্বর বিব্রতবোধ করেন সুপ্রিম কোর্টের নিয়মিত চেম্বার বিচারপতি। টু-জি লাইসেন্স নবায়নে গ্রামীণফোনকে (জিপি) গত ১৭ অক্টোবর দেওয়া চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া স্পেক্ট্রামের জন্য বিটিআরসি আরো ৩৮৪ কোটি টাকা দাবি করে। এ টাকা দিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে যায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটিং কোম্পানিটি। গ্রামীণফোন বলছে, ২০০৮ এ ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেক্ট্রাম ১৮ বছরের জন্য ৮০ কোটি টাকা দিয়ে বরাদ্দ পায় তারা। তখন লিখিত চুক্তি হয় যে, ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য এ বিষয়ে কোনো মাশুল দিতে হবে না। অন্যদিকে বিটিআরসি বলছে, লাইসেন্স নবায়ন নীতিমালা অনুযায়ী ২০০৮ এর বরাদ্দকৃত স্পেক্ট্রামের ওপর মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নিয়েই ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে। পরে গ্রামীণফোনের আইনজীবী জানান, বিটিআরসির চিঠিতে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে। তা সমর্থন করেন বিটিআরসির আইনজীবী রেজা ই রাকিবও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৫৫ ঘ.