চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (সিইউএফএল) ২০ কর্মকর্তা- কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
এরা হলেন- সিইউএফএল'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসীন উদ্দিন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (অপারেশন) মো. মোস্তফা ফারুক, সাবেক উপ-প্রধান রসায়নবিদ মো. সিরাজুল ইসলাম ও সাবেক মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আবদুল মালেক, রফিকুল ইসলাম পাটোয়ারী, নিমাই চন্দ্র মজুমদার, এ কে এম বোরহানউদ্দিন, মো. তাজুল ইসলাম, মো. শামীম ইয়ামিন, শান্তি রঞ্জন সরকার, মো. আলী হোসেন, মো. নুরুল আলম, মো. তৌহিদুর রহমান, মো. নাজিম উদ্দিন, শামসুদ্দিন আহমদ, সনাতন চন্দ্র দে, মো. আবু হাসান সিদ্দিকী, কাজল কান্তি সরকার, মো. আবুল কাশেম ও জালাল উদ্দিন আহমেদ।
এদের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসীন উদ্দিন তালুকদার আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলারও আসামি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক শফিউল আলম বুধবার চট্টগ্রামের কর্ণফুলী থানায় এ মামলা করেন।
অভিযোগে বলা হয়, "২০০০ সালের মার্চ থেকে ২০০৫ সালের মার্চ পর্যন্ত সিইউএফএল'র সাবেক ও বর্তমান এই ২০ কর্মকর্তা-কর্মচারী প্রায় ১৭ হাজার ৪৭১ দশমিক ৪০ মেট্রিক টন ইউরিয়া সার আত্মসাৎ করেন। এ সারের বাজার মূল্য প্রায় ৮ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৭২০ টাকা।"
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অধীনে সিইউএফএলের কার্যক্রম পরিচালিত হয়।
দুদক কর্মকর্তা শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষমতার অপব্যবহার ও পারস্পরিক যোগসাজশে সার আত্মসাৎ করায় এ মামলা করা হয়েছে।
এসব সার মিয়ানমারে পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "ওই সময় মিয়ানমারে সারের দাম বাংলাদেশের চেয়ে বেশি ছিলো।"
গত বছর শিল্প মন্ত্রণালয়ের অনুরোধে দুদক এ ঘটনার তদন্ত শুরু করে জানিয়ে শফিউল বলেন, "এ ঘটনা তদন্তে ২০০৫ সালে শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম-সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়, বিসিআইসি ও সিইউএফএল কর্তৃপক্ষ পৃথক ছয়টি তদন্ত কমিটি করে। এসব তদন্তেও অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/পিডি/২১৩৯ ঘ.
bdnews24