ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টু-জি লাইসেন্স নবায়নে স্পেক্ট্রাম চার্জ জমা দেওয়ার সময় দ্বিতীয় বারের মতো বাড়িয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
গত ৩১ অক্টোবর স্পেক্ট্রাম চার্জ জমা দেওয়ার শেষ দিন থাকলেও এ সময় আরো সাত দিন সময় বৃদ্ধি করা হয়। এ সময় আরো দুই দিন বৃদ্ধি করে ৯ নভেম্বর করা হয়েছে।
বুধবার বিকেলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গ্রামীণফোন ইতিমধ্যে লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম চার্জ হিসেবে প্রথম কিস্তিতে বিটিআরসিকে এক হাজার তিনশত ৫৮ কোটি ৪৫ লাখ টাকা জমা দিয়েছে।
রবি'র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেলে স্পেক্ট্রাম চার্জ বাবদ ৭৯১ কোটি ৬৭ লাখ টাকা বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে আর ৩১ অক্টোবর লাইসেন্স নবায়নের ৮ কোটি ৫০ লাখ টাকা জমা দেওয়া হয়।
বাংলালিংক ও সিটিসেল তাদের লাইসেন্স নবায়ন ফি জমা দিলেও বুধবার পর্যন্ত স্পেক্ট্রাম ফি জমা দেয়নি।
বাংলালিংকের জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মাসহিদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইসেন্স নবায়নের ফি জমা দেওয়া হয়েছে, আগামী ৯ নভেম্বরের মধ্যে স্পেক্ট্রাম চার্জ জমা দেওয়া হবে।"
সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশন তাসলিম আহমেদ বলেন, "লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়া হয়েছে এবং স্পেক্ট্রাম ফি নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া হবে।"
গত ১৭ অক্টোবর স্পেক্ট্রাম চার্জসহ অন্যান্য ফি'র টাকা জমা দিতে ১৫ দিন সময় দিয়ে চার অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি।
গত ১০ অক্টোবর গ্রামীণফোন, রবি ও সিটিসেল লাইসেন্স নবায়নের আবেদন জমা দেয়। এর আগে ৯ অক্টোবর আবেদন জমা দেয় বাংলালিংক।
চলতি মাসে ৯ বা ১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের লাইসেন্স দেওয়ার কথা রয়েছে।
দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে সাড়ে সাত কোটির বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০০৬ ঘ.
bdnews24