ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে 'জাল নোট শনাক্তকরণ বুথ' স্থাপনের জন্য পুলিশ প্রশাসনকে আরো ২০টি জাল নোট শনাক্তকরণ মেশিন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একইসঙ্গে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ডিভি ক্যাম, ডিভিডি ও সিডি হস্তান্তর করা হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকে এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে এ জানায় কেন্দ্রীয় ব্যাংক।
গত ২৮ অক্টোবর একই কাজের জন্য ১৫টি মেশিন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
এ প্রসঙ্গে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোরবানির পশুর হাটে বহু টাকা লেনদেন হয়। এ সুযোগে এক শ্রেণীর দুুস্কৃতকারী জাল টাকা ছড়িয়ে দিতে পারে। এটা রোধ করতেই দেশের সব হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে।"
"পাশাপাশি সব বাণিজ্যিক ব্যাংককে জাল নোট শনাক্তকারী মেশিনসহ বুথ স্থাপন ও বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা অফিসের প্রধান এবং সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে," যোগ করেন আসাদুজ্জামান।
তিনি জানান, রাজধানীসহ সব জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম-গঞ্জে স্থাপিত পশুর হাটেও জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাণিজ্যিক ব্যাংকের স্থানীয় কর্মকর্তাদের সক্রিয় হতে বলা হয়েছে।
সম্প্রতি জাল নোট তৈরির মেশিনসহ বেশ কয়েকজনকে রাজধানী থেকে আটক করেছে পুলিশ। তাই আশঙ্কা করা হচ্ছে পশুর হাটে জাল টাকা চালানোর চেষ্টা করতে পারে তারা।
এ আশঙ্কা থেকেই প্রথমবারের মতো এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য ডিভি ক্যাম, গণযোগাযোগ অধিদপ্তরের সহায়তায় জেলা অফিসগুলোর মাধ্যমে সারা দেশের বিভিন্ন জনসমাগমস্থলে, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ একাডেমি, পুলিশ সদর দপ্তর, র্যাব, বিজিবি এবং সকল তফসিলি ব্যাংকগুলোতে প্রদর্শনের জন্য পুলিশ কর্তৃপক্ষ, র্যাব, সিআইডি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, মহাব্যবস্থাপক আবদুর রহিম, সাইফুল ইসলাম খান এবং বাংলাদেশ ব্যংক, পুলিশ, র্যাব ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24