২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'লাভের অংশ গ্রামীণ ব্যাংক সদস্যরা পায়নি'

ক্ষুদ্রঋণের মাধ্যমে 'অতি দরিদ্র্যরা' তেমন কোনো সুফল পায় না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকের সদস্যরা এই সংস্থার ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের লাভের ভাগ পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টেেোয়ন্টিফোর ডটকম)- ক্ষুদ্রঋণের মাধ্যমে 'অতি দরিদ্র্যরা' তেমন কোনো সুফল পায় না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকের সদস্যরা এই সংস্থার ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের লাভের ভাগ পাননি। বুধবার রাজধানীতে ক্ষুদ্রঋণ বিষয়ে এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "গ্রামীণ ব্যাংক নিয়ম ভেঙে ৫৪টি প্রতিষ্ঠান করেছে। কিন্তু সেই সব প্রতিষ্ঠানের মুনাফার কোনো অংশ এর দরিদ্র সদস্যরা পায়নি। এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়।" সরকার ১৯৮৩ সালে এক অধ্যাদেশের আওতায় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে। ওই সময় ড. মুহাম্মদ ইউনূসকে এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। এরপর গত ২ মার্চ বাংলাদেশ ব্যাংক এক আদেশে নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেয়। ইউনূস এর বিরুদ্ধে আদালতে গেলেও আইনি লড়াইয়ে হেরে যান। এরপর ১২ মে 'ইস্তফা' দেন তিনি। এরই মাঝে গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে বলা হয়, এখতিয়ার না থাকলেও ইউনূস গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গত ২৩ অক্টোবর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, "গ্রামীণ ব্যাংকের কাজ গ্রামের দরিদ্র মানুষকে ঋণ দেওয়া হলেও ইউনূস সাহেব নিয়ম ভেঙে ৫৪টি প্রতিষ্ঠান করেছেন। আর এ সব প্রতিষ্ঠানের প্রায় সবগুলোরই চেয়ারম্যান তিনি। অনেক প্রতিষ্ঠান আবার নিবন্ধিত হয়েছে দেশের বাইরে। এগুলো নিয়ে আমরা (সরকার) চিন্তায় আছি। ভাবছি, এদের মধ্যে কীভাবে একটি সমন্বয় করা যায়।" তিন মাসের মধ্যে গ্রামীণ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হবে বলেও ওই দিন সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থমন্ত্রী। বুধবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ আয়োজিত সেমিনারে তিনি বলেন, "ক্ষুদ্রঋণের মাধ্যমে অতি দরিদ্ররা সুবিধা পায় না। অপেক্ষাকৃত কম দরিদ্ররাই এর সুফল পায়। কর্মসংস্থান সৃষ্টিতেও ক্ষুদ্র ঋণ তেমন কোনো অবদান রাখে না। তবে এই ঋণ গ্রামীণ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছে।" দারিদ্র্য বিমোচনে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। বর্তমানে দেশে বছরে ২৩ লাখ লোকের জন্য চাকরি সৃষ্টি প্রয়োজন জানিয়ে মুহিত বলেন শুধু অবকাঠামো নয়, শিল্পেরও বিকাশ করতে হবে। ক্ষদ্রঋণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে অবদান রাখছে। কিন্তু কর্মসংস্থান সৃষ্টি বা শিল্পখাতে কোনো অবদান রাখছে না। "এনজিওগুলোকে এখন কর্মসংস্থান সৃষ্টি হয়- এমন কর্মসূচি নিয়ে কাজ করতে হবে", যোগ করেন তিনি। ক্ষুদ্র ঋণের দোষ-ত্র"টি দুটোই আছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "এর তিনটি গুণ হচ্ছে- কিছু লোক দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। গ্রামীণ মহিলারা আত্মনির্ভরশীল ও শক্তিশালী হয়েছে। সামাজিক পরিবর্তনেও এটা ভূমিকা রেখেছে।" ক্ষুদ্র ঋণের এই সাফল্যের দিকগুলোকে এখন 'ব্যাপক মাত্রায়' ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলেই মনে করেন মুহিত। রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ কার্যালয়ে 'বাংলাদেশে ক্ষুদ্র ঋণ: চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিক-নির্দেশনা' শীর্ষক দুদিনব্যাপী এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফজলুল কাদের। খলীকুজ্জামান জানান, দেশে এ পর্যন্ত আড়াই থেকে পৌনে তিন লাখ কোটি টাকা ক্ষুদ্রঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। আর বর্তমানে গ্রাহকদের হাতে রয়েছে ২২ হাজার কোটি টাকার ঋণ। দেশে বর্তমানে ঋণ গ্রহীতার সংখ্যা সোয়া দুই কোটির মতো। ক্ষুদ্র ঋণের সুদের হার এক পর্যায়ে বেড়ে ৬০ শতাংশ পর্যন্ত উঠেছিল জানিয়ে খলীকুজ্জামান বলেন, গত জুন থেকে এ ঋণের সুদের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন ২৭ শতাংশের বেশি সুদ কোনো এনজিও নিতে পারছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৪৪৩ ঘ.