২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল মানি রেট ১৯ শতাংশে

ঈদুল আজহাকে সামনে রেখে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় আন্তঃব্যাংক লেনদেনে স্বল্প সময়ের জন্য ধার করা টাকার সুদের হার (কল মানি রেট) হঠাৎ বেড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহাকে সামনে রেখে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় আন্তঃব্যাংক লেনদেনে স্বল্প সময়ের জন্য ধার করা টাকার সুদের হার (কল মানি রেট) হঠাৎ বেড়ে গেছে। মঙ্গলবার কল মানি রেট সর্বোচ্চ ১৯ শতাংশ পর্যন্ত ওঠে। বেসরকারি কমার্স ব্যাংক এ রেটে একটি ব্যাংক থেকে টাকা ধার করে। তবে বেশিরভাগ লেনদেন হয়েছে ১৬ থেকে ১৮ শতাংশের মধ্যে। কল মানি নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের শেষ দিন কল মানি রেট ছিল ১০ শতাংশের নিচে। চলতি সপ্তাহে এ হার ঊর্ধ্বমুখি। নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ ঘনিয়ে আসায় প্রয়োজনীয় কেনাকাটা সারতে গ্রাহকরা ব্যাংকে ভিড় জমাচ্ছে। এ কারণে ব্যাংকগুলোর নগদ অর্থের চাহিদা বেড়ে গেছে। আর এ চাহিদা মেটাতে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে কম সময়ের জন্য বেশি সুদে টাকা ধার করছে।" তবে ১৭/১৮ শতাংশ কল মানি রেট বেশি নয় বলে দাবি করেন ওই ব্যাংকার। এদিকে মঙ্গলবার রাজধানীর সব ব্যাংকের শাখায় ছিল গ্রাহকদের ভিড়। ঈদের আগে আর মাত্র দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক খোলা থাকবে। এ কারণে সবাই প্রয়োজনীয় টাকা তুলেছেন ব্যাংক থেকে। ব্যাংকগুলোর এটিএম বুথেও ছিল ভিড়। নতুন টাকার জন্য মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকেও ছিল সাধারণ মানুষের ভিড়। দুপুরে এইচএসবিসি ব্যাংকের ধানমন্ডি শাখায় গিয়ে দেখা যায় লম্বা লাইন। বাইরে এটিএম বুথেও ছিল লাইন। গত ঈদুল ফিতরে কল মানি রেট সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত উঠেছিল। কয়েক বছর আগে একবার কোরবানির ঈদের আগে কলমানি রেট ১৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২৩৫৩ ঘ.