২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ৪৫০ মে. ওয়াটের বিদ্যুৎ প্রকল্প অনুমোদন

বিদ্যুৎ ঘাটতি কমাতে তিন হাজার ৪০০ কোটি টাকার একটি বড় বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ঘাটতি কমাতে তিন হাজার ৪০০ কোটি টাকার একটি বড় বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৪৫০ মেগাওয়াটের এ প্রকল্পের কাজ শুরু হবে ২০১২ সালে। শেষ হবে ২০১৫ সালের মধ্যে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 'আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল¬্যান্ট নির্মাণ (নর্থ)' নামের এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, "প্রকল্পটি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড বাস্তবায়ন করবে। প্রকল্প ব্যয়ের ৮৮ শতাংশ অর্থের যোগান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। বাকি অর্থ সরকার দেবে। সচিব জানান, প্রকল্পটি বাস্তবায়নে এডিবি দেবে ২২ কোটি ৮০ লাখ ডলার ঋণ সহায়তা দেবে। আইডিবি দেবে ২০ কোটি ডলার। প্রকল্প এলাকা হচ্ছে- চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া ও আশুগঞ্জ। আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। এ কেন্দ্রটি মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ঢাকা শহর হতে ৯০ কিলোমিটার দূরে। প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে চাহিদা ও সরবরাহের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান কমানো এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী এলাকার প্রাকৃতিক গ্যাসের সদ্ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। আরো পাঁচ প্রকল্প একনেক বৈঠকে আরো পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো হলো- ১১৫ কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ এবং মৎস্য ও পাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, ৪০ কোটি টাকার বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও জোরদারকরণ প্রকল্প, ১৬৩ কোটি টাকার হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন প্রকল্প (তৃতীয় পর্যায়), ১৪৪ কোটি টাকার খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্প এবং ৪৫ কোটি টাকার বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত এলাকায় ৮৫টি বিওপি নির্মাণ প্রকল্প। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯১৭ ঘ.