চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠানগুলো গ্যাসের কারণে ছুটির দিনে বন্ধ রাখতে হবে না বলে ব্যবসায়ীদের জানিয়েছেন কেজিডিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সানোয়ার হোসেন চৌধুরী।
চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতাদের সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার তিনি এ কথা জানান বলে চেম্বারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, "বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে বৈঠকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন বর্তমান ক্রমহ্রাসমান গ্যাস সরবরাহের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বৈঠকে ব্যবসায়ী সমাজের সহযোগিতা কামনা করে 'গ্যাস স্ট্যাগারিং' সম্পর্কিত চিঠি প্রত্যাহারের কথা জানান।"
পোশাক শিল্প কারখানা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোয় হলিডে স্ট্যাগারিং (ছুটির দিনে কারখানা বন্ধ রাখা) করতে চলতি সপ্তাহে প্রস্তাব দেয় কেজিডিসিএল।
চট্টগ্রাম চেম্বার, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ'র পৃথক সভা করে এর প্রতিবাদ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে পাওয়া গ্যাস আগামী ২০-২২ নভেম্বর থেকে সরাসরি চট্টগ্রামে সরবরাহ করা যাবে বলে আশা প্রকাশ করেন সানোয়ার হোসেন।"
সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, সাবেক সভাপতি সাংসদ এমে এ লতিফ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিাচলক এম এ ছালাম, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24