ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর অর্থায়ন সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মাওয়া প্রান্তে প্রথম পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত রেখেছে বিশ্বব্যাংক, যারা ওই প্রকল্পের সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে।
সচিবালয়ে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের বলেন, "পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে।"
২৯০ কোটি ডলারে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ প্রথম পদ্মা সেতু নির্মাণে দাতা সংস্থাগুলো ঋণ দিচ্ছে। এর মধ্যে ১২০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক, বাকি অর্থ দিচ্ছে এডিবি, আইডিবি ও জাইকা।
নুরুল করিম বলেন, "নির্মাণ, মালিকানা পরিচালনা ও হস্তান্তর পদ্ধতিতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, তবে দরপত্র আহ্বানের কোনো বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি।"
বৃহস্পতিবারের বৈঠকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নত করতে পিপিপি প্রকল্পে অন্তর্ভুক্ত করতে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।
মংলা বন্দরে অবস্থিত অসম্পূর্ণ দুটি জেটির উন্নয়ন পিপিপির আওতায় হবে জানিয়ে নুরুল করিম বলেন, নৌ মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত বা করণীয় ঠিক করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24