২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম কমায় চাষিরা প্রতিবাদ করছে: রাজ্জাক

চালের দাম এখন অনেক কম দাবি করে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দাম কমায় চাষিরা ইতোমধ্যে প্রতিবাদ করতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম এখন অনেক কম দাবি করে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দাম কমায় চাষিরা ইতোমধ্যে প্রতিবাদ করতে শুরু করেছে। সচিবালয়ে নিজ দপ্তরে বুধবার মন্ত্রী সাংবাদিকদের বলেন, "দেশে বর্তমানে খাদ্য-শস্যের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ। খাদ্যশস্য সর্বোচ্চ মজুদের প্রতিফলনও বাজারে রয়েছে।" ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী বুধবার বাজারে স্বর্ণা/চায়না ইরি চালের দাম ছিল প্রতিকেজি ৩০-৩৩ টাকা, ভালো মানের পাইজাম/লতা চাল ৩৫-৩৮, সাধারণ মানের নাজির/মিনিকেট ৩৫-৪২ এবং ভালো মানের নাজির/মিনিকেট চালের দাম ছিল প্রতিকেজি ৪২-৫৫ টাকা। টিসিবির মতে, মোটা চালের এ দাম আগের মাসের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ কম, পাইজাম/লতার দাম একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯৫ শতাংশ কম, সাধারণ মানের নাজির/মিনিকেটের দাম ৬ দশমিক এক শতাংশ কম এবং ভালো মানের নাজির/মিনিকেটের দামে হ্রাস-বৃদ্ধি ঘটেনি। বিরোধী দল বিএনপি তাদের সরকারবিরোধী আন্দোলনের কারণ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিও নানা সময়ে সামনে এনেছে। আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুদ রয়েছে সাড়ে ১৫ লাখ মেট্রিক টন। এর বাইরেও বিদেশ থেকে আমদানি এবং অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া শেষে খাদ্যশস্যের মোট মজুদ ২০ লাখ টনে দাঁড়াবে। তিনি বলেন, "অতীতে কখনো এ সময়ে চালের দাম কমতে দেখা যায়নি। বাজারে চালের সরবরাহ বেশি থাকায় এখন মূল্য কমছে। যার বিরূপ প্রভাব চাষীদের ওপর পড়ছে। এজন্য তারা প্রতিবাদ করতে শুরু করেছে।" মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তার সঙ্গে দেখা করেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন ও ইউএসএআইডি'র শান্তির জন্য খাদ্য কর্মসূচির পরিচালক ডিনা এসপোজিটোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইউএসএআইডি'র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনার (সিআইপি) অধীনে আমাদের ১২টি কর্মসূচি রয়েছে। এজন্য আট বিলিয়ন ডলার প্রয়োজন। ইতোমধ্যে তিন বিলিয়ন ডলারের প্রতিশ্র"তি পেয়েছি।" "বাকি অর্থ সংগ্রহের জন্য ইউএসএআইডির সহায়তা চেয়েছি। তারা ইতোমধ্যে ৫২ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৫৫ ঘ.