আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে আকস্মিক সফরে ঢাকা আসছেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক এম এন প্রসাদ।
বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় পৌঁছবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সন্ধ্যায় জানান অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।
তিনি বলেন, "[বৃহস্পতিবার] সন্ধ্যা ৭টায় স্যারের [অর্থমন্ত্রী] হেয়ার রোডের বাসায় বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে সম্ভবত পদ্মা সেতু নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর অর্থমন্ত্রী পদ্মা সেতুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন।"
ঢাকায় বিশ্বব্যাংকের কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, "এম এন প্রসাদের আজ সকালে ঢাকা পৌঁছানোর কথা।"
"এটা বাংলাদেশে তার প্রথম সফর", যোগ করেন মেহরিন।
'দুর্নীতি'র অভিযোগে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন স্থগিত করার পর অর্থমন্ত্রী মুহিত বারবার বলে আসছেন, শিগগিরই এ জটিলতার সমাধান হয়ে যাবে।
সর্বশেষ গত রোববার তিনি সাংবাদিকদের বলেন, আশা করছি, জানুয়ারি মাসের মধ্যেই বিষয়টির সুরাহা হবে। তা যদি না হয়, তবে আমরা অর্থায়নের জন্য বিকল্প খুঁজবো।
"পদ্মা সেতুতে অর্থায়নকারী অন্য দুই সংস্থা এডিবি ও জাইকা তাদের ঋণ ছাড়ের বিষয়টি জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে" জানিয়ে মুহিত সেদিন বলেন, "আশা করছি এই সময়ের মধ্যেই বিশ্ব ব্যাংকের সঙ্গে অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতা সমাধান হয়ে যাবে।"
বিশ্ব ব্যাংক এর আগে আরো একটি প্রকল্পে প্রথমে অর্থায়নে অরাজি হলেও পরে তাতে অর্থায়নে রাজি হয় বলে সেদিন উল্লেখ করেন অর্থমন্ত্রী।
বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিতের ঘোষণা দেওয়ার পর গত সপ্তাহে মালয়শিয়ার বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় পদ্মা সেতু নিয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। 'দুর্নীতি'র অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে। সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১০৪৫ ঘ.
bdnews24