২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার স্থিতিশীলে তহবিল নভেম্বরের শেষে: বিএবি

ব্যাংকগুলোর উদ্যোগে গঠিত স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড নভেম্বরের শেষ সপ্তাহে বাজারে আসবে বলে আশা প্রকাশ করেছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোর উদ্যোগে গঠিত স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড নভেম্বরের শেষ সপ্তাহে বাজারে আসবে বলে আশা প্রকাশ করেছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক শেষে বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, "সব প্রক্রিয়া শেষে নভেম্বরের শেষ সপ্তাহে এ তহবিল বাজারে আসবে বলে আমরা আশা করছি। প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা নিয়ে এ তহবিল যাত্রা শুরু করবে। তবে এটির আকার হবে পাচহাজার কোটি টাকা।" এর জন্য এসইসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, "এতোবড় তহবিল চালানোর মতো সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি দেশে নেই। তাই নতুন করে একটি সম্পদ ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। এ কথা আমার এসইসিকে জানিয়েছি। এসইসি চেয়ারম্যান আমাদের বলেছেন, আপনারা কালই আবেদন করে দিন। আপনাদের জন্যে পুরো বিষয়টি সহজ করে দেব।" "চেয়ারম্যান আমাদের বলেছেন, এসইসি আমাদের সর্ব্বোচ্চ সহযোগিতা করবে। আমি আশা করছি, এ জন্য সর্বোচ্চ চার সপ্তাহ লাগতে পারে। তবে ঈদের ছুটি মিলিয়ে নভেম্বরের শেষ নাগাদ হয়তো আমরা বিনিয়োগে যেতে পারবো", যোগ করেন তিনি। বিনিয়োগকারীদের অনশন কর্মসূচি ও আন্দোলনের কথা উলে¬খ করে নজরুল বলেন, "পুঁজিবাজার সমস্যা কিন্তু এখন একটি জাতীয় সমস্যা। মানুষজন কান্নাকাটি করছে, আন্দোলন করছে, অনশন করছে। মানুষের এই দুর্দশায় তাদের পাশে দাঁড়ানোর জন্যেই ব্যাংকগুলো এগিয়ে এসেছে।" তবে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ আর এ তহবিল গঠনের বিষয়টি আলাদা উলে¬খ করে তিনি বলেন, "ব্যাংকগুলো তাদের মতো করে বিনিয়োগ করছে। কিন্তু এ তহবিল চলবে সম্পূর্ণ আলাদা প্রক্রিয়ায়।" অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) প্রতিশ্র"তি অনুযায়ী ব্যাংগুলো বাজারে বিনিয়োগ করতে শুরু করেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, "ইস্টার্ন ব্যাংক ১২০ কোটি টাকা, পূবালী ব্যাংক ১০০ কোটি টাকা ছাড়াও এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল, প্রিমিয়ার, ইসলামী ব্যাংক, শাহজালালসহ সব ব্যাংকই বিনিয়োগ করছে। কিন্তু ব্যাংক তো একদিনে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে না। প্রতিটি ব্যাংক নিয়ম মেনেই বিনিয়োগ করছে।" বাজার এবার স্থিতিশীল হবে- এমন দৃঢ় আশা প্রকাশ মজুমদার বলেন, "ব্যাংক যখন এগিয়ে এসেছে, তখন এই বাজার ঠিক হয়ে যাবে। ব্যাংকের তো আর টাকার অভাব নেই। মোট দায়ের ১০ শতাংশ হিসাবে এখনো ব্যাংকগুলোর হাতে বিনিয়োগ উপযোগী ৪৫ হাজার কোটি টাকা আছে। এর দশভাগ বাজারে এলেও তো অনেক টাকা।" "বাজার হঠাৎ আকাশে উঠে গেল, আবার পতনের মধ্য দিয়ে পাতালে নেমে এলো- এ রকম বাজার আমরা চাই না", যোগ করেন এই ব্যাংকার। পুঁজিবাজার স্থিতিশীল করতে রোববার এ তহবিল গঠনের ঘোষণা দিয়ে বিএবি চেয়ারম্যান বলেন, "এ তহবিলের আকার ৫ হাজার কোটি টাকারও বেশি হতে পারে। ন্যূনতম ১ হাজার কোটি টাকা নিয়ে আমরা শুরু করবো।" তিনি জানান, 'স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন তহবিল' হবে একটি মেয়াদী মিউচুয়াল ফান্ড। ২৯টি ব্যাংক ন্যূনতম ২০ কোটি টাকা করে এ তহবিলে জমা দেবে। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং 'লিস্টেড' ও 'নন লিস্টেড' কোম্পানিগুলোও এতে যোগ দিতে পারবে। এর আগে মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড নামে একটি তহবিল গঠনের ঘোষণা দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। ওই তহবিল আর এ তহবিল একই কী-না জানতে চাইলে মজুমার বলেন, "একই তহবিল। এখানে ব্যাংকগুলো অগ্রণী ভূমিকায় রয়েছে।" এফবিসিসিআইয়ের ওই তহবিল গঠনের সময় ঘোষণা দেওয়া হয়েছিল, মার্জিন ঋণ নিয়ে যারা অনেক লোকসানে রয়েছেন, তাদের পোর্টফোলিও কিনে নেওয়া হবে। এই তহবিলে তা করা হবে কী না, জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান এফ রহমান বলেন, "ওইরকম স্কিম আছে। আগে ফান্ড শুরু হোক তারপর দেখা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/২২২৫ ঘ.