২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম চললেও অতিদরিদ্ররা সুফল পায় না: মুহিত

দারিদ্র্য বিমোচনে কার্যক্রম চললেও অতিদরিদ্ররা এর তেমন সুফল পায় না- এমনটি স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচনে কার্যক্রম চললেও অতিদরিদ্ররা এর তেমন সুফল পায় না- এমনটি স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার দারিদ্র বিমোচন বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, "অতিদরিদ্রদের জন্য সরকারের কর্মসূচি পর্যাপ্ত নয়। সার্বিকভাবে দারিদ্র্য বিমোচন কার্যক্রম চালু থাকলেও তারা এর তেমন সুফল পায় না।" বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেশন সেন্টারে 'অতি দারিদ্র বিমোচন: এ দায়িত্ব কার?' শীর্ষক এ আলোচনা যৌথভাবে আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ, ইউকেএইড, সিড়ি, ব্র্যাক ও ব্রিটিশ কাউন্সিল। মুহিত বলেন, "দারিদ্র্য বিমোচনে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সেই কাজটিই ৩০ বছর ধরে করে চলেছি। স্বাধীনতার পর এখানে মোট জনগোষ্ঠীর ৭০ ভাগ দরিদ্র ছিল। এখন তা ৩০ ভাগে নেমে এসেছে। এটি একটি সাফল্য বলা যেতে পারে। "কিন্তু সরকার অতিদরিদ্রদের জন্য তেমন কিছু করতে পারছে না। সরকারের নেওয়া দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলোতে অতি দরিদ্রদের দিকে তেমন নজর দেওয়া হয় না।" অবশ্য বিভিন্ন খাতে সরকারের দেওয়া ভর্তুকি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, "ভর্তুকি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। কোনো পণ্যের দাম ১৫ টাকা হলেও ভর্তুকি দেওয়ার কারণে লোকজন তা ১০ টাকায় কিনতে পারে। আর এতে গরিব মানুষের উপকার হয়। তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। দারিদ্র্য বিমোচনেও এটি ভূমিকা রাখে।" সম্পদ হস্তান্তর ছাড়া অতিদরিদ্র্যদের উপকার করা সম্ভব নয়- এমন কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "... তবে এই সম্পদ হস্তান্তর খাস জমি বণ্টন করে সম্ভব হবে না। এ জন্য ভূমি প্রশাসনকে শক্তিশালী করতে হবে। তাই গ্রামীণ এলাকায় বিনিয়োগ করার মাধ্যমেই দারিদ্র বিমোচন করা সম্ভব।" আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান, ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যাডভোকেসি বিভাগের পরিচালক শিপা হাফিজা ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। ফজলে হাসান আবেদ বলেন, "দেশ থেকে দরিদ্রতা দূর করার জন্য সরকারের কমিটমেন্ট থাকতে হবে। বেসরকারি সংস্থাগুলো এক্ষেত্রে সহায়তা করতে পারে। কিন্তু মূল কাজটি সরকারকেই করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/পিডি/২১০৫ ঘ.