২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সোমবার বড় ধরনের দরপতনের পর মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার বড় ধরনের দরপতনের পর মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৫৫৫ পয়েন্ট। এদিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম। ডিএসইতে হাতবদল হয়েছে ৩৫০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৯ কোটি টাকা কম। ব্যাংকগুলো চলতি সপ্তাহ থেকেই পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে- এমন ঘোষণার পর গত বৃহস্পতি ও রোববার ডিএসই সাধারণ সূচক বাড়ে প্রায় ৩৯৫ পয়েন্ট। কিন্তু সোমবার সাধারণ সূচক ১৮০ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। ব্যাংকগুলো বিনিয়োগ বাড়িয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। রোববার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, ব্যাংকগুলো ইতোমধ্যে বিনিয়োগ বাড়াতে শুরু করেছে। কিন্তু সোমবার দরপতনের পর দেশের দুই স্টক এক্সচেঞ্জের নেতারা বলেন, ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর ঘোষণার কোনো প্রতিফলন তারা বাজারে দেখতে পাননি। মঙ্গলবার সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এ বাজারের বাছাই সূচক (সিএসসিএক্স) ২১২ পয়েন্ট বেড়ে হয়েছে ১০ হাজার ১৩৬ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেনর শীর্ষে ছিল- বেক্সিমকো লিমিটেড, গ্রামীনফোন, ওয়ান ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আল-আরাফাহ ব্যাংক। দাম বৃদ্ধির শীর্ষে ছিল- দেশবন্ধু পলিমার, গ্রামীণফোন, প্রিমিয়ার ইন্সুরেন্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, বেক্সিমকো সিনথেটিক্স, মুন্নু স্টাফলার, স্যোশাল ইসলামী ব্যাংক, পঞ্চম আইসিবি, সমরিতা হাসপাতাল ও মবিল যমুনা লুব্রিকেন্টস। ডিএসইতে দাম কমার তালিকায় থাকা শীর্ষ প্রতিষ্ঠানগুলো হলো- সমতা লেদার, ইমাম বাটন, মেঘনা সিমেন্ট, রহিম টেক্সটাইল, অগ্রণী ইন্সুরেন্স, অ্যারামিট সিমেন্ট, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, জুট স্পিনার্স, চতুর্থ আইসিবি ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫৫০ ঘ.