২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে 'বিড়াল' ঠেকাতে আইন চায় বিএনপি

পুঁজিবাজার থেকে তুলে নেওয়া অর্থ ফেরাতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে তুলে নেওয়া অর্থ ফেরাতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, "বাজার স্থিতিশীল করতে হলে যেসব বিড়াল টাকা নিয়ে গেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে নতুন আইন করতে হবে। যাতে ওই অপরাধীদের মৃত্যুদণ্ড হয়।" পুঁজিবাজার থেকে যারা কারসাজির মাধ্যমে অর্থ তুলে নিয়েছে বলে অভিযোগ করা হয়- তাদের 'বিড়াল' আখ্যায়িত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত কয়েকদিন আগে বলেন, শুঁটকির বাজারের দায়িত্ব বিড়ালের হাতে দেওয়ার কারণেই অস্থিরতা সৃষ্টি হয়েছে। রোববারও এক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, "যে বিড়ালরা টাকা নিয়ে গেছেন, তাদের নাম বলতে চাই না, কিন্তু আপনারা আপনাদের টাকা ফেরত দেন, বাজার স্থিতিশীল হয়ে আসবে।" এই বক্তব্যের জের ধরে সুরঞ্জিতকে উদ্দেশ্য করে রফিকুল ইসলাম মিয়া বলেন, "আপনি আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পদে আছেন। তাই বলব, সরকারকে কঠোর নতুন আইন করার পরামর্শ দিন। তাহলে বাজারে স্থিতিশীলতা আসবে।" টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে গত সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। নানা প্রণোদনার ঘোষণাও আসতে শুরু করে। কিন্তু তারপরও বাজার চাঙ্গা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আহ্বানে এ সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেন ব্যাংক নির্বাহীরা। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া পুঁজিবাজার ধ্বংসের জন্য সরকারকে দায়ী করে বলেন, "সরকারের বিশেষ একটি মহল যোগসাজস করে ৩৩ লাখ বিনিয়োগকারীর অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। এর কোনো বিচার হয়নি। বরং যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুট করেছে, তাদের পুরস্কৃত করে বর্তমান অবস্থা থেকে পুঁজিবাজারকে উদ্ধারের দায়িত্ব দিয়েছে সরকার।" রফিকুল দাবি করেন, 'সম্ভাবনাময়' পুঁজিবাজারের টানা দরপতনের ফলে টাকার মূল্যমান কমেছে, ডলারের দাম বেড়ে গেছে। আর পুঁজিবাজারের লুণ্ঠিত অর্থ ডলারে পরিণত করে বিদেশে পাচার করার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত করা প্রসঙ্গে রফিকুল ইসলাম দাবি করেন, এ দুর্নীতির পেছনে সরকারের শীর্ষ পর্যায়ের লোকজনই জড়িত। "ওই দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা না নিয়ে বলছে, বিকল্প অর্থায়ন খোঁজা হচ্ছে। এ থেকে প্রমাণ হয়, সরকারের উপরতলার লোকজন ওই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত", বলেন এই বিএনপি নেতা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে ১২০ কোটি ডলার দেওয়ার কথা বিশ্বব্যাংকের। রফিকুল বলেন, বিশ্বব্যাংক কোনো একক রাষ্ট্রের প্রতিষ্ঠান নয়। বাংলাদেশে ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতির সরাসরি অভিযোগ উত্থাপন নজিরবিহীন ঘটনা। অতীতে কখনোই এটা হয়নি। 'সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাট: গভীর সঙ্কটে জাতীয় অর্থনীতি' শীর্ষক এই আলোচনা সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রধান ও সহসভাপতি কামারুজ্জামান নান্নু বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৫২ ঘ.