২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যাংক বিনিয়োগ বাড়িয়েছে, আর শঙ্কা নেই'

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংক বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়ে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সভাপতি বলেছেন, আপাতত বাজার 'খারাপ' হওয়ার শঙ্কা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংক বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়ে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সভাপতি বলেছেন, আপাতত বাজার 'খারাপ' হওয়ার শঙ্কা নেই। পুঁজিবাজার স্থিতিশীল করতে স্টক মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড নামে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়ে রোববার এ কথা বলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে গত সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ বাড়াতে বলে। নজরুল বলেন, "ব্যাংকগুলো মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। বিনিয়োগ করার বিষয়ে গভর্নর সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন। অনেকে বিনিয়োগ শুরু করে দিয়েছে। মার্কেট খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই।" ব্যাংকগুলো দায়ের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারলেও সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে তাদের গড় বিনিয়োগ ছিলো মোট দায়ের ৩ শতাংশ। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল বলেন, "১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করলে ৪৫ থেকে ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করার সক্ষমতা রয়েছে।" 'স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড' গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, "এ তহবিলের আকার ৫ হাজার কোটি নয়, এটা আরো বড় হতে পারে। ন্যূনতম ১ হাজার কোটি টাকা নিয়ে আমরা শুরু করবো।" কবে নাগাদ এ তহবিল বাজারে আসতে পারে জানতে চাওয়া হলে নজরুল বলেন, "নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই এর টাকা বাজারে আসতে শুরু করবে।" তিনি জানান, স্টক মার্কেট স্টাবিলাইজেশন তহবিল হবে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড। এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। বিএবি সভাপতি জানান, ২০টি ব্যাংক ন্যূনতম ২০ কোটি টাকা করে এ তহবিলে জমা দেবে। এছাড়া বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন এবং লিস্টেড ও নট লিস্টেড কোম্পানিগুলোও এতে সাবস্ক্রাইব করতে পারবে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ আর এ তহবিল গঠনের বিষয়টি আলাদা উল্লেখ করে তিনি বলেন, "ব্যাংকগুলো তাদের মতো করে বিনিয়োগ করছে। কিন্তু এ তহবিল চলবে সম্পূর্ণ আলাদা প্রক্রিয়ায়।" এ তহবিলের টাকা পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের ১০ শতাংশের মধ্যে আসবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এ বিষয়ে আমরা গভর্নরের সঙ্গে কথা বলবো। বিনিয়োগসীমা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো যায় কি না সেটা বিবেচনা করতে বলবো আমরা।" নজরুল আরো বলেন, "আমরা দেখছি পুঁজিবাজার একটি জাতীয় সমস্যা হয়ে গেছে। এটাকে ঠিক করতে হবে। পুঁজিবাজারকে স্থিতিশীল করাই এ তহবিল গঠনের উদ্যেশ্য।" এর আগে মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড নামে একটি তহবিল গঠনের ঘোষণা দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। ওই তহবিল আর এ তহবিল একই কি না জানতে চাওয়া হলে মজুমার বলেন, "একই তহবিল। এখানে ব্যাংকগুলো অগ্রণী ভূমিকায় রয়েছে।" এফবিসিসিআইয়ের ওই তহবিল গঠনের সময় ঘোষণা দেওয়া হয়েছিলো, মার্জিন ঋণ নিয়ে যারা অনেক লোকসানে তাদের পোর্টফোলিও কিনে নেওয়া হবে। এই তহবিলে তা করা হবে কি না, জানতে চাওয়া হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বা পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান এফ রহমান বলেন, "ওইরকম স্কিম আছে। আগে ফান্ড শুরু হোক তারপর দেখা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬০৩ ঘ.