২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর অর্থায়নে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা: মুহিত

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা না কাটলে অর্থের বিকল্প উৎস খোঁজা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা না কাটলে অর্থের বিকল্প উৎস খোঁজা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের আরো বলেছেন, গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ আগামী তিন মাসের মধ্যেই হবে। পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "আশা করছি, জানুয়ারি মাসের মধ্যেই বিষয়টির সুরাহা হবে। তা যদি না হয়, তবে আমরা অর্থায়নের জন্য বিকল্প খুঁজবো।" বিকল্প উৎস কী হতে পারে- প্রশ্ন করা হলে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, "সব কিছু কী আপনাদের বলতে হবে না কি? সময় হলেই দেখতে পাবেন।" বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিতের ঘোষণা দেওয়ার গত সপ্তাহে মালয়েশিয়ার বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় পদ্মা সেতু নিয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে ১২০ কোটি ডলার দেওয়ার কথা বিশ্বব্যাংকের। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস কোনো ভূমিকা রেখেছেন কি না- জানতে চাওয়া হলে মুহিত বলেন, "আমার কাছে এর কোনো প্রমাণ নেই।" এ বছরের শুরুতে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দিলে তার সঙ্গে সরকারের টানাপোড়েন সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিপক্ষে আইনি লড়াই চালিয়েও হারেন ইউনূস। মুহিত জানান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে। ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর ভারপ্রাপ্ত দিয়ে এ প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানের কাজ চলছে। বর্তমানে এ দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ শাহজাহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬৪৬ ঘ.