মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় সংশোধিত আকারে অনুমোদিত 'প্রতিযোগিতা আইন, ২০১১' জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে।
অসৎ ব্যবসায়িক উদ্দেশ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা রোধ এবং প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করে ভোক্তাদের স্বার্থরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয় এ আইনটি প্রণয়ন করেছে। আইনের খসড়াটি গত সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পায়।
অনুমোদিত খসড়া আইনে অসৎ উদ্দেশ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টার জন্য দোষী ব্যক্তিদের জন্য আর্থিক দণ্ডের বিধান রাখা হয়েছে। আইনের অধীনে গঠিত একটি কমিশন এ জরিমানা আরোপ ও আদায় করবে।
এক্ষেত্রে সিন্ডিকেট বা যোগসাজশের মাধ্যমে বাজার প্রভাবিত করার চেষ্টা করা হলে দোষী ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানের তিন বছরের গড় লেনদেনের ১০ শতাংশ এবং একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় (কার্টেল সিন্ডিকেট) বাজারে উৎপাদন, সরবরাহ ও মূল্য প্রভাবিত করার ক্ষেত্রে এ উপায়ে অর্জিত মুনাফার তিন গুণ পর্যন্ত জরিমানা করা যাবে।
এ বিষয়ে আইন প্রণয়ন সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক (যুগ্ম-সচিব) অমিতাভ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনটি মন্ত্রিসভায় সামান্য কিছু সংশোধনীসহ অনুমোদন করেছে। মন্ত্রিসভার নির্দেশনা পেলে স্বল্প সময়ের মধ্যেই সংশোধনী শেষ করে আইনটি পাসের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে।"
সংসদের আগামী অধিবেশনের আইনটি পাসের জন্য উপস্থাপন করা সম্ভব হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "যে ধরনের সংশোধনী এসেছে, তাতে আগামী অধিবেশনে পাসের জন্য উপস্থাপনে কোনো সমস্যা হবে বলে মনে করছি না।"
আইনটি ব্যবসায়ী নেতা ও তাদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে- এ কারণে এ নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয় বলে মনে করেন অমিতাভ।
তারপরও সংসদে যাওয়ার পর সংসদীয় কমিটি এ নিয়ে আরো আলোচনা করতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, "ফলে আগামী অধিবেশনেই আইনটি পাস হবে কি না, তা বলা যাচ্ছে না।"
এ বিষয়ে বুধবার এফবিসিসিআই সভাপতি একে আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানান।
প্রতিযোগিতা আইন ২০১১-এ যা রয়েছে
বাজারে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের বাজার নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলে সার্বিক উন্নয়নে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ আইনটি প্রণয়ন করা হয়েছে।
এ আইন বাস্তবায়নে আইনের অধীনে 'বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন' গঠন করা হবে।
কমিশনে একজন চেয়ারম্যান এবং সর্বোচ্চ চারজন সদস্য থাকবেন। আইনজীবী, অর্থনীতিবিদ অথবা বাজার ব্যবস্থাপনা বিষয়ে সর্বনিু ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের এসব পদে নিয়োগ করা যাবে।
কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তিন বছর মেয়াদের জন্য নিযুক্ত হবেন। কোনো ব্যক্তি দুইবারের বেশি ওই পদে থাকতে পারবেন না।
প্রতিযোগিতা কমিশনের নিয়োজিত চেয়ারম্যান ও সদস্যদের পদমর্যাদা এবং সম্মানী সরকার নির্ধারণ করবে।
কমিশনের ক্ষমতা
প্রতিযোগিতা কমিশনের শুধু আর্থিক জরিমানা করার ক্ষমতা থাকবে। সুস্থ প্রতিযোগিতা ব্যাহত করে এমন কর্মকাণ্ডের জন্যই কমিশন জরিমানা ধার্য করবে।
কমিশনের আদেশ অমান্যসহ অন্য অপরাধের জন্য কারাদণ্ড দেওয়ার প্রয়োজন মনে করলে কমিশন আদালতে যাবে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে আদালত এক থেকে তিন বছরের কারাদণ্ড দিতে পারবে।
কমিশনের কোনো সিদ্ধান্তের ব্যাপারে সংক্ষুব্ধ ব্যক্তি সরকার তথা বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল করতে পারবেন। এজন্য কোনভাবেই আদালতে যাওয়া যাবে না। তবে আদালতে নিষ্পত্তি হওয়া বিষয়ে সংক্ষুব্ধ উচ্চতর আদালতের আশ্রয় নিতে পারবেন।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাণিজ্য মন্ত্রণালয় নিজস্ব অর্থায়নে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি দিয়ে বিভিন্ন দেশের 'কম্পিটিশন আইন' এবং 'আংটাড'-এর 'মডেল কম্পিটিশন ল' পর্যালোচনা করে একটি প্রাথমিক খসড়া প্রণয়ন করে।
এ খসড়া আইনের ব্যাপারে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের মত নেওয়া হয়। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত ছাড়াও কয়েকটি মতবিনিময় সভা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেও সংশ্লিষ্টদের মতামত নিয়ে খসড়া চূড়ান্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১০০০ ঘ.
bdnews24