ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ও ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন লাইন এবং দুটি কম্প্রেসর (সঞ্চালন লাইনে গ্যাসের চাপ বাড়ানোর যন্ত্র) স্টেশন বসানোর জন্য দেশি-বিদেশি আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।
শুক্রবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে তিনটি প্রকল্পের আওতায় এ চুক্তি হয়।
'ইন্সটেলেশন অব কম্প্রেসর স্টেশন অ্যাট আশুগঞ্জ অ্যাণ্ড এলেঙ্গা' প্রকল্পের আওতায় বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এবং টাঙ্গাইলের এলেঙ্গায় একটি করে কম্প্রেসর বসানো হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮৫৪ কোটি ৯ লাখ টাকা।
এর মধ্যে সরকার দেবে ২২৩ কোটি ৪৫ লাখ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ৬৩০ কোটি ৬৪ লাখ টাকা।
কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এ প্রকল্পে ঠিকাদার হিসেবে কাজ করবে।
আশুগঞ্জে এ কম্প্রেসর বসানোর ফলে সেখানকার সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট থেকে এক হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এলেঙ্গায় ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
'কন্সট্রাকশন অব বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ডায়া গ্যাস ট্রান্সমিশন পাইপ লাইন' প্রকল্পের আওতায় ৬০ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করবে তুরস্কের ফেরেন্স কন্সট্রাকশন কোম্পানি। ৩টি মিটারিং স্টেশনসহ এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৬০ কোটি ৫২ লাখ টাকা।
এর মধ্যে সরকার দেবে ১২৪ কোটি ৫২ লাখ টাকা, আর বিশ্বব্যাংক দেবে ৩৩৬ কোটি টাকা।
এছাড়া 'কন্সট্রাকশন অব ভেড়ামারা-খুলনা ২০ ইঞ্চি ডায়া গ্যাস ট্রান্সমিশন পাইপ লাইন' প্রকল্পের আওতায় ১৬৩ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে ৪টি মিটারিং স্টেশনও বসাতে হবে।
৬৮৫ কোটি ২৯ লাখ টাকার এ প্রকল্পে শুধু সঞ্চালন লাইন নির্মাণেই ছয়টি দেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- লিব্রা এন্টারপ্রাইজ, দীপন গ্যাস কোম্পানি লিমিটেড, বিজনেস কিং লিমিটেড, ক্যাসেল কন্সট্রাকশন লিমিটেড, আর্ক কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড এবং ডন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড।
সরকার এ প্রকল্পে দেবে ৩৬৯ কোটি ৩৫ লাখ টাকা। আর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ৩২৫ কোটি ৯৪ টাকা।
ভেড়ামারা-খুলনা প্রকল্পে সঞ্চালন লাইন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে একশ কোটি টাকা। বাকি অর্থ দিয়ে সঞ্চালন পাইপ ও অন্যান্য সরঞ্জাম কেনা হবে।
এই তিন চুক্তিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পক্ষে সচিব মোহাম্মদ ইউনূস, কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পক্ষে প্রকল্প পরিচালক হিশোওয়াং,তুরস্কের ফেরেন্স কন্সট্রাকশন কোম্পানির সহ-সভাপতি এঙ্গিন নাসিরওগলু চুক্তিতে সই করেন।
এছাড়া লিব্রা এন্টারপ্রাইজের পক্ষে মিজানুর রহমান, দীপন গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষে রাশেদ মাহবুব, বিজনেস কিং লিমিটেডের পক্ষে সায়েম-উজ-জামান, ক্যাসেল কন্সট্রাকশন লিমিটেডের পক্ষে আব্দুল হাই, আর্ক কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে মো. মনিরুজ্জামান এবং ডন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে নূর মোহাম্মদ চুক্তিতে স্বাক্ষর করেন।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, তুরস্কের রাষ্ট্রদূত মেহেমেট ভাকুর ইরকুল, কোরিয়ার রাষ্ট্রদূত থাই ইয়াং চু, জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী অনুষ্ঠানে বলেন, "বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জের সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহের সহজ হবে। বিশেষ করে সিদ্ধিরগঞ্জে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। ওই কেন্দ্রে এ সঞ্চালন লাইন দিয়ে গ্যাস সরবরাহ হবে।"
এছাড়া বৃহত্তর খুলনা এলাকায় গ্যাস সরবরাহের জন্য ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২২১৭ ঘ.
bdnews24