২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুৎ নিয়ে উদ্বেগ চট্টগ্রামের ব্যবসায়ীদের

গ্যাস- বিদ্যুৎ সঙ্কটের কারণে বন্দর নগরীর শিল্প খাত বিপর্যয়ে পড়েছে জানিয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রামের চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস- বিদ্যুৎ সঙ্কটের কারণে বন্দর নগরীর শিল্প খাত বিপর্যয়ে পড়েছে জানিয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রামের চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) কার্যালয়ে এক সভায় চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, চট্টগ্রামের শিল্প খাতের বিপর্যয় ঠেকাতে অতি শিগগিরই সাঙ্গু ও সেমুতাং গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন শুরু করে সরাসরি চট্টগ্রামে সরবরাহ দিতে হবে। 'চট্টগ্রামে গ্যাস-বিদ্যুৎ সঙ্কট ও শিল্প খাতের বিপর্যয়' শীর্ষক এ মতবিনিময় সভায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। মোরশেদ মুরাদ বলেন, "ব্যবসায়ী সমাজের দাবির মুখে সরকার কেজিডিসিএল গঠন করে। কিন্তু দুঃখের বিষয়, প্রতিষ্ঠানটি পরিপূর্ণভাবে চট্টগ্রামের চাহিদা পূরণ করতে পারছে না।" সারা দেশে শিল্প খাতে সুষমভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সভায় পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) ড. মোল্লা মো. মোবিরুল হোসেন জানান, আগামী নভেম্বরে সেমুতাং গ্যাস ক্ষেত্র থেকে ২০ মিলিয়ন ঘনফুট, সালদা গ্যাস ক্ষেত্র থেকে ২০ মিলিয়ন ঘনফুট এবং আগামী জানুয়ারি নাগাদ সানটোস থেকে ৪০- ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে। উৎপাদিত গ্যাস চট্টগ্রামে সরবরাহের আশ্বাস দিয়েছেন তিনি। সভায় কেজিডিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, কেজিডিসিএল চট্টগ্রামের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দ্রুততার সাথে সেমুতাং গ্যাস ক্ষেত্রে সরবরাহ লাইন সংযোজনের কাজ চলছে। সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, মো. অহীদ সিরাজ চৌধুরী, ক্যাপ্টেন শফি চৌধুরী বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২০১০ ঘ.