২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা নিষ্পত্তিতে ৮ সপ্তাহ সময় পেলো গ্রামীণফোন

তিন হাজার ৩৪ কোটি টাকা চেয়ে গ্রামীণফোনকে দেওয়া বিটিআরসির চিঠির ওপর স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্ট। ফলে আপাতত গ্রামীণফোনকে ওই টাকা পরিশোধে জোর দেওয়া যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন হাজার ৩৪ কোটি টাকা চেয়ে গ্রামীণফোনকে দেওয়া বিটিআরসির চিঠির ওপর স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্ট। ফলে আপাতত গ্রামীণফোনকে ওই টাকা পরিশোধে জোর দেওয়া যাবে না। এ চিঠি নিয়ে বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে গ্রামীণফোনকে আপিলের অনুমতি দিয়ে বৃহস্পতিবার আট সপ্তাহের স্থিতাবস্থার নির্দেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ। গ্রামীণফোনকে ৩ হাজার ৩৪ কোটি টাকা দিতে হবে- বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদের এ বক্তব্য দেওয়ার পরদিনই হাইকোর্টের স্থিতাবস্থা এলো। স্থিতাবস্থা জারির প্রতিক্রিয়ায় বিটিআরসি'র চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত থেকেই এ বিষয়টির একটি সমাধান আসবে বলে আশা করি।" গ্রামীণফোনের কাছে পাওনা ৩ হাজার ৩৪ কোটি টাকা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ৩ অক্টোবর চিঠি দেয়। একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিটিআরসি এ পাওনা দাবি করলেও গ্রামীণফোন ওই নিরীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে। এরপর ওই চিঠির কার্যকারিতা স্থগিতে বিচারিক আদালতে যায় গ্রামীণফোন। তবে আদালত গ্রামীণফোনের যুক্তি গ্রহণ করলেও কোনো স্থগিতাদেশ দেয়নি। এরপর হাইকোর্টে আপিলের আবেদন করে গ্রামীণফোণ। হাইকোর্ট স্থিতাবস্থার পাশাপাশি ওই চিঠির ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, বিটিআরসির কাছে তা জানতে চেয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গ্রামীণফোনের আইনজীবী খায়রুল আলম চৌধুরী। তিনি বলেন, বিটিআরসির চিঠির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আমরা গত ১৭ অক্টোবর প্রথম যুগ্ম জেলা জজের আদালতে মামলা করি। "ওই আদালত অভিযোগ প্রাথমিকভাবে সঠিক উল্লেখ করে ওই চিঠি দেওয়ার কারণ ১৫ দিনের মধ্যে জানাতে বিটিআরসিকে নির্দেশ দেয়। তবে ওই চিঠির কার্যকারিতা স্থগিতে কোনো আদেশ দেয়নি।" এ কারণেই হাইকোর্টে আপিলের আবেদন করা হয়েছে বলে জানান খায়রুল। শুনানিতে গ্রামীণফোনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও আহসানুল করিম। আহসানুল করিম বলেন, "২০০৭ সালে ১০ কোটি টাকা পাওনা চেয়ে বিটিআরসির এক চিঠিতে গ্রামীণফোন তা পরিশোধ করে। এরপর প্রতি তিন মাস অন্তর রেভেনিউ শেয়ারিং এর অংশ হিসাবে আমরা বিটিআরসির দাবিকৃত অর্থ পরিশোধ করে আসছি। তাই এখন নতুন করে টাকা দাবি করার সুযোগ নেই। "উপরন্তু লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যেখানে তিন বছর পুরোনো পাওনা তামাদি হয়ে যায়, সেখানে ১৯৯৬ সাল থেকে হিসাব দেখিয়ে বিটিআরসি টাকা চাইতে পারে না।" "দ্বিতীয়ত, টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী বিটিআরসি ট্যাক্স দাবি করতে পারে না। আয়কর অধ্যাদেশ অনুযায়ী ডেপুটি কমিশনার অব ট্যাক্স এটা দাবি করতে পারে।" বিটিআরসির আইনজীবী রেজাই রাকিব স্থিতাবস্থা জারির কথা স্বীকার করলেও এ নিয়ে কোনো রুল আদালত দেয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসএইচএ/এমআই/১৯১৩ ঘ.