২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদ্মা সেতুতে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা'

পদ্মা সেতু প্রকল্পে 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়ে সরকার বলেছে, এক্ষেত্রে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়ে সরকার বলেছে, এক্ষেত্রে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত সরকার যথাযথ বলে মনে করছে না। সংস্থাটিকে তাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন স্থগিতের ঘোষণার প্রেক্ষাপটে বৃহস্পতিবার একটি প্রেসনোটে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে সরকার। সরকার আবার বলেছে, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে ১২০ কোটি ডলার দেওয়ার কথা বিশ্বব্যাংকের। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থ দেবে সরকার। প্রেসনোটে বলা হয়েছে, মূল সেতুর নির্মাণ কাজের ঠিকাদারদের প্রাক-যোগ্যতা মূল্যায়ন স¤পর্কে বিশ্বব্যাংক যে অভিযোগ সরকারের কাছে দিয়েছে, ইতোমধ্যেই সে অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। "সরকার আশা করছে, দুদকের তদন্তে বিশ্বব্যাংক সহায়তা করবে এবং তার ফলাফল অচিরেই পাওয়া যাবে। দুর্নীতির প্রমাণ পেলে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।" প্রেসনোট দেওয়ার ব্যাখ্যায় বলা হয়েছে, এ বিষয়টি নিয়ে প্রচুর লেখালেখি ও আলোচনা চলছে। একে রাজনৈতিক ইস্যু করার প্রচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে। তাই বিভ্রান্তি নিরসনে সরকার প্রকৃত পরিস্থিতি দেশবাসীর কাছে তুলে ধরেছে। পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতের জন্য সরকারের 'দুর্নীতিকে' দায়ী করে বক্তব্য দিয়ে আসছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এর পাল্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক জনসভায় বলেন, বিএনপি আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির জন্য পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান স্বাক্ষরিত এ প্রেসনোটে বলা হয়েছে, পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ যে সব কার্যক্রম শুরু ও বাস্তবায়ন হয়েছে- সেসব ব্যাপারে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। সরকার গৃহীত ব্যবস্থা অনুযায়ী ভবিষ্যতেও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে বিশ্বব্যাংককে জানানো হয়েছে। সেতু নির্মাণ কাজ পর্যবেক্ষণের জন্য পরামর্শক নিয়োগের ক্ষেত্রে একটি কানাডীয় কোম্পানি নীতিবহির্ভূত কাজ করেছে বলে বিশ্বব্যাংকের তদন্তে উঠে এসেছে, যা কানাডা সরকার তদন্ত করছে। সরকার বলছে, "বিশ্বব্যাংককে তখনই জানিয়ে দেওয়া হয়, যেহেতু কানাডার তদন্তে কত দিন লাগবে- সেটা বলা যাচ্ছে না, সেহেতু ওই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে অবশিষ্টদের মধ্য থেকে পরামর্শক নিযুক্তির দরপত্র চূড়ান্ত করা যায়। "এ সময়ে হঠাৎ করে সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গেরেরো ঢাকায় আসেন। তিনি তখন জানালেন যে তাদের কাছে মূল সেতু নির্মাণের প্রাকযোগ্য ঠিকাদার নির্বাচন নিয়েও কিছু অভিযোগ আছে এবং সেগুলো তারা খতিয়ে দেখছে।" গত সেপ্টেম্বরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটন গেলে সংস্থাটি লিখিতভাবে অভিযোগ করে, তারা মনে করে মূল সেতুর প্রাকযোগ্য ঠিকাদার তালিকা বিবেচনার সময় দুর্নীতি হয়ে থাকতে পারে। 'দুর্নীতি'র তদন্তের জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। বিশ্বব্যাংক তাদের অনুসন্ধানে পাওয়া তথ্য সরকারকে দেবে বলেও জানায়। অর্থমন্ত্রী দেশে ফেরার পর 'দুর্নীতি' তদন্তে দুর্নীতি দমন কমিশনকে কাজে লাগানোর সিদ্ধান্ত হয়। "একইসঙ্গে বিশ্বব্যাংককে জানিয়ে দেওয়া হয়, টেন্ডার প্রক্রিয়ায় প্রাকযোগ্যতা অর্জনে ব্যর্থ প্রতিষ্ঠানগুলো সব সময়ই কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে থাকে এবং পরবর্তীতে অনেক ক্ষেত্রে সেগুলো অসত্য এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হয়," বলা হয় প্রেসনোটে। বিশ্বব্যাংককে সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, বাস্তবায়িত কার্যক্রমের স¦চ্ছতা, সততা ও দ্রুততার রেকর্ড বিবেচনা করে দরপত্র প্রক্রিয়া স্থগিত করার কোনো যৌক্তিকতা নেই। কানাডীয় অভিযুক্ত প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ঠিকাদার নিয়োগের কাজটি এগিয়ে নিতে বিশ্বব্যাংককে প্রস্তাব দিয়েছে সরকার। নদী-শাসনের দরপত্র অনুমোদন এবং মাওয়া প্রান্তের অ্যাপ্রোচ রোডের দরপত্রের কাজ শুরুর জন্যও সরকার বিশ্বব্যাংককে অনুরোধ করেছে। পদ্মা সেতু নির্মাণের প্রাকযোগ্যতা মূল্যায়ন কমিটির প্রধান ড. জামিলুর রেজা চৌধুরী এবং সদস্য ড. শফিউল্লাহ, ড. আইনুন নিশাত, বিশ্বব্যাংকের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা ড. দাউদ। প্রেসনোটে বলা হয়েছে, এরা সবাই নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ। মূল্যায়ন কমিটির কাছে কারিগরিভাবে অযোগ্য বিবেচিত হওয়া একটি ঠিকাদার প্রতিষ্ঠান সম্পর্কে অধিকতর যাচাই-বাছাই নিয়ে তিন মাস সময় নষ্ট করার পর গত জুলাই মাসে বিশ্বব্যাংক পাঁচটি দরদাতাকে প্রাকযোগ্য করে। ওই প্রতিষ্ঠান শেষ পর্যন্ত অনুমোদিত তালিকায় আসেনি। পদ্মা সেতু প্রকল্পের অন্য সব কার্যক্রম যেমন জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত জমি মালিকদের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে বলে 'পদ্মা সেতুর কাজ থেমে নেই' শিরোনামের ওই প্রেসনোটে বলা হয়। সরকার আশা করছে, পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান শিগগিরই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩১ ঘ.