ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দরপতনের ধারা থেকে দেশের পুঁজিবাজারকে টেনে তুলতে কেন্দ্রীয় ব্যাংকের আহ্বানে সাড়া দিয়েছে ব্যাংকগুলো।
বৃহস্পতিবার সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) এক জরুরি বৈঠকের পর সংগঠনের সভাপতি ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার জানান, আগামী সপ্তাহ থেকেই ব্যাংকগুলো পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ শুরু করবে।
তিনি সাংবাদিকদের বলেন, "বৈঠকে আমরা একমত হয়েছি যে, পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য এটা খুবই ভালো সময়।"
"পুঁজিবাজারে যেসব ব্যাংকের বিনিয়োগের পরিমাণ নির্ধারিত সীমার নিচে রয়েছে, তারা আগামী সপ্তাহ থেকেই নতুন করে বিনিয়োগ শুরু করবে", যোগ করেন তিনি।
মাহমুদ সাত্তার বলেন, "পুঁজিবাজারে ১১টি ব্যাংকের বিনিয়োগের পরিমাণ নির্ধারিত সীমার চেয়ে বেশি। বাকি ব্যাংকগুলোর আরো বিনিয়োগের ক্যাপাসিটি রয়েছে। কিছু কিছু ব্যাংকের বিনিয়োগের এনাফ স্পেস রয়েছে। পাশাপাশি বিনিয়োগের জন্য অনেক ভালো শেয়ারও রয়েছে।"
বৃহস্পতিবার সকালে ৯টার দিকে রাজধানীর হোটেল লেকশোরে এই বৈঠক শুরু হয়ে পৌনে ১১টা পর্যন্ত চলে। দৃশ্যত সকাল ১১টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই সিদ্ধান্ত ঘোষণার জন্য সকালে এই বৈঠকে বসেন ব্যাংক নির্বাহীরা।
নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক তার মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে। কিন্তু গতবছর বেশ কয়েকটি ব্যাংক সীমার অতিরিক্ত বিনিয়োগ করে পুঁজিবাজার থেকে মুনাফা তোলে।
কিন্তু এবছর পুঁজিবাজারে মন্দাভাব থাকলেও ব্যাংকগুলো তাদের বিনিয়োগ কমিয়ে দেয়। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর পুঁজিবাজারে গড় বিনিয়োগ তাদের মোট দায়ের ৩ শতাংশে দাঁড়ায়।
এদিকে গত ৫ ডিসেম্বর ডিএসই সাধারণ সূচক ৮ হাজার ৯১৮ পয়েন্টে পৌঁছে রেকর্ড গড়লে এরপর থেকে শুরু হয় অস্থিরতা। ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে চলে ব্যাপক দরপতন। গত জুনে বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় একমাস চাঙ্গাভাব দেখা দেয়। এরপর জুলাইয়ের শেষ থেকে আবার পতন শুরু হয়।
বুধবার সাধারণ সূচক কমে প্রায় নয় মাস আগের অবস্থায় চলে আসে। গত তিন মাসের ব্যবধানে সূচক কমেছে প্রায় ১৪৫২ পয়েন্ট।
বাজারের এই পরিস্থিতিতে আবারো আন্দোলনে নামে বিনিয়োগকারীরা। তাদের আস্থা ফেরাতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে, নানা প্রণোদনার ঘোষণাও আসতে শুরু করে। কিন্তু তারপরও বাজার চাঙ্গা না হওয়ায় সোমবার এবিবির সহ সভাপতির সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে এবিবিকে উদ্যোগ নিতে বলেন।
ব্যাংকগুলো কীভাবে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে পারে- সেই পথের নির্দেশনা দিয়ে বুধবার একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে। তাতে মার্জিন ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের শর্ত শিথিল করারও আশ্বাস দেওয়া হয়।
এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।
বৈঠক শেষে কে মাহমুদ সাত্তার বলেন, "পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকারি-বেসরকারি সব ব্যাংকের পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তারা খুবই আত্মবিশ্বাসী।"
ব্যাংকগুলো কি পরিমাণ বিনিয়োগ করবে জানতে চাইলে তিনি বলেন, "এটা ব্যাংকগুলোর নিজস্ব ব্যাপার। অর্থ প্রবাহ ও নিজস্ব কৌশলের ওপর নির্ভর করে এ সিদ্ধান্ত নেবে তারা।"
লম্বা সময়ের জন্য ব্যাংকগুলো পোর্টফোলিও বিনিয়োগে যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে পুঁজিবাজারে দেশের ব্যাংকগুলোর প্রায় ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে বলে জানান এবিবির সহ-সভাপতি ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমীন।
পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০১০ সালে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা মুনাফা করেছে। এটা পাবলিকের টাকা। তাই এই টাকা আবার বাজারে নিয়ে আসা তাদের দায়িত্ব।"
"গত ডিসেম্বরে তাদের বিনিয়োগ ছিল অনেক বেশি। কিন্তু এখন তাদের বিনিয়োগ অনেক কম। পাবলিকের কাছে তারা শেয়ার বিক্রি করে গেছে। তাই পুঁজিবাজারে তাদের বিনিয়োগ বাড়াতে হবে। অবশ্যই অবশ্যই তাদের বিনিয়োগ করতে হবে", যোগ করেন তিনি।
ব্যাংকগুলো আর কী পরিমাণ বিনিয়োগ করলে বাজার স্থিতিশীল হতে পারে- জানতে চাওয়া হলে ডিএসই সহ-সভাপতি বলেন, "এখন ৭ থেকে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ নিয়ে এলেই বাজার দাঁড়িয়ে যাবে।
"তবে এ অর্থ থেকে মার্জিন ঋন দেওয়া যাবে না। মার্জিন ঋণ দিলে বাজার আবার নষ্ট হবে। ব্যাংকগুলোকে হয় পোর্টফোলিও বিনিয়োগে যেতে হবে। না হলে তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোার সক্ষমতা বাড়াতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১২৩০ ঘ.
bdnews24