২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনকে ব্যাখ্যা জানাবে বিটিআরসি

টু-জি লাইসেন্স নবায়ন নীতিমালা মেনেই গ্রামীণফোনের কাছ থেকে ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি। গ্রামীণফোন বলে আসছে, তাদের কাছে এ অর্থ বাড়তি চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টু-জি লাইসেন্স নবায়ন নীতিমালা মেনেই গ্রামীণফোনের কাছ থেকে ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি। গ্রামীণফোন বলে আসছে, তাদের কাছে এ অর্থ বাড়তি চাওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বৃহস্পতিবার গ্রামীণফোনকে এ বিষয়ক ব্যাখ্যা দেওয়া হবে। তিনি বলেন, ২০০৮ এর বরাদ্দকৃত স্পেকট্রামের ওপর মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নিয়েই ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে। "লাইসেন্স নবায়ন নীতিমালা অনুযায়ী, গ্রামীণফোনকে তাদের ১৪ দশমিক ৬ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য তিন হাজার ২৪১ কোটি ২ লাখ টাকা এবং এর সঙ্গে ৩৮৪ কোটি টাকা যোগ করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে এর ৪৯ শতাংশ জমা দিতে হবে," বলেন জিয়া। টু-জি লাইসেন্স নবায়নে সোমবার গ্রামীণফোনসহ চার মোবাইল অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি। লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির টাকা চেয়ে চিঠি পাঠানোর পরদিন মঙ্গলবার 'বাড়তি' ৩৮৪ কোটি টাকা চাওয়ার ব্যাখ্যা চেয়ে বিটিআরসিকে চিঠি পাঠায় গ্রামীণফোন। গ্রামীণফোন বলে, প্রতি মেগাহার্টজ ৮০ কোটি টাকা করে ২০০৮-এ ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম ১৮ বছরের জন্য বরাদ্দ পায় গ্রামীণফোন। তখন লিখিত চুক্তি হয় যে ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য এ বিষয়ে কোনো চার্জ নেওয়া হবে না। গ্রামীণফোনের অভিযোগের বিষয়ে জিয়া আহমেদ বলেন, তখন লিখিত চুক্তি হয় ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য ম্পেকটার্মের জন্য কোনো চার্জ নেওয়া হবে না। "তবে টু-জি লাইসেন্স নাবায়ন নীতিমালায় স্পষ্ট বলা আছে, ২০০৮ এ বরাদ্দকৃত স্পেকট্রাম এর ফি ছাড়া অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ স্পেকট্রাম মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নেওয়া যাবে।" দেনা-পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসির দ্বন্দ্ব চলছিলো। এর মধ্যেই সোমবার নতুন করে টু-জি লাইসেন্স নবায়নে অর্থের হিসাব নিয়ে মতান্তর হলো। একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৩ অক্টোবর বিটিআরসি ৩ হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। এরপর গ্রামীণফোন ওই নিরীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে। এরপর চিঠি চালাচালি করে বৈঠক হলেও তাতে কোনো ফল হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২১১৮ ঘ.