২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ লাখ প্রি-পেইড মিটার বসাবে তিতাস

গ্যাসের অপচয় এবং বিল কারসাজি রোধে ছয় লাখের বেশি প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের পরিকল্পনা নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 06:20 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের অপচয় এবং বিল কারসাজি রোধে ছয় লাখের বেশি প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের পরিকল্পনা নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)। এর মধ্যে তিন লাখ তিতাস এবং বাকি তিন লাখ মিটার বসাতে অর্থ সহযোগিতা দেবে এডিবি। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনে নেওয়া একটি পরীক্ষামূলক প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। আশা করছি, প্রকল্প সফলভাবে সম্পন্ন হবে। এ প্রকল্পের সফলতা বিচেনায় অপর একটি প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে আগামী বছরের মধ্যে আরো ৮ হাজার ৬০০ মিটার রাজধানীর গুলশান ও বনানীতে বসানো হবে।" এ ছাড়া আগামী অর্থবছরের মধ্যে কোম্পানির নিজস্ব অর্থায়নে আরো তিন লাখ মিটার বসানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী মাসে (নভেম্বরে) বোর্ড সভায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি। "পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে আরো তিন লাখ মিটার স্থাপনের জন্য প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।" ঢাকা মহানগরীসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ এলাকায় টিজিটিডিসিএল গ্যাস সরবরাহ করে। বর্তমানে তিতাসের মোট গ্রাহক ১৫ লাখ ৬৩ হাজার ২৯৭ জন। আজিজ খান বলেন, "ইতোমধ্যে পাইলট প্রকল্পের আওতায় প্রি-প্রেইড মিটারের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর লালামাটিয়া এবং মোহাম্মদপুরে পরীক্ষামূলকভাবে নেওয়া এই প্রকল্পের আওতায় চার হাজার ৫০০ মিটার স্থাপন করা হবে।" ২০০৯ সালের নভেম্বর থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদি প্রকল্পের ব্যয় ধরা হয় ছয় কোটি ৭০ লাখ ৫১ হাজার ৬শ টাকা। প্রি- প্রেইড মিটার প্রকল্পের ব্যবস্থাপক বাসুদেব সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৯ সালে এ প্রকল্পের কাজ শুরু হলেও চলতি বছরের মে মাসে প্রাথমিকভাবে মিটারের কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য লালমাটিয়ায় ৫২ জন এবং মোহাম্মদপুরে ৫৪ জন মোট ১০৬ জন গ্রাহকের বাসায় পরীক্ষামূলকভাবে মিটার স্থাপন করা হয়।" এরপর ২৭ জুন থেকে পুরোদমে উভয় এলাকায় কাজ মিটার বসানোর কাজ শুরু হয়। এ পর্যন্ত সাড়ে তিন হাজার মিটার স্থাপন করা হয়েছে এবং বাকি এক হাজার মিটার নভেম্বর মাসের মধ্যে বসানো হবে- এমন আশা করছেন তিনি। পরীক্ষমূলকভাবে এসব মিটার বসানো হওয়ায় মিটার বাবদ গ্রাহকদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ। এই বিভাগের পরিচালক অধ্যাপক এম এম লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি উন্নত ও ডিজিটাল পদ্ধতি। গ্যাস প্রাকৃতিক সম্পদ, তবে অফুরন্ত নয়- এই বিষয়টি মাথায় রেখে আমাদের গ্যাসের ব্যবহার করতে হবে। এ মিটার ব্যবহারের ফলে গ্যাসের অপচয় রোধের পাশাপশি বিল কারচুপি বন্ধ হবে।" প্রি-পেইড মিটার ব্যবহারের সুবিধা গ্যাসের অপচয় রোধ, বকেয়া বিলের জটিলতা নেই, প্রকৃত গ্যাস ব্যবহারের ভিত্তিতে গ্রাহকের বিল নির্ধারণ করা হবে। মিটার চালুর পর অগ্রিম ২০০ টাকা রিচার্জ অবস্থায় থাকবে, যাতে গ্রাহকের সংযোগ অবিচ্ছিন্ন থাকে। পরবর্তীতে কার্ড রিচার্জের সময় এ অর্থ কেটে নিয়ে সমন্বয় করা হবে। গ্রাহকের ব্যালেন্স শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবেং কার্ডে অর্থ রিচার্জের মাধ্যমে পুনরায় গ্যাস ব্যবহার শুরু করা যাবে। তবে অর্থ শেষ হওয়ার আগে ১০ ঘনমিটার গ্যাসের সমপরিমাণ টাকা (বর্তমান রেট ৫১.৬০ টাকা) থাকা অবস্থায় মিটার অ্যালার্ম দিবে এবং অর্থ শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে গ্রাহকহয়রানি এড়ানোর জন্য চার্জকৃত অর্থ শেষ হওয়ার পরও ২০ ঘনমিটার সমপরিমাণ অর্থ নেগেটিভ ব্যালেন্স হিসাবে মিটারে দেওয়া হবে। ব্যালেন্স শেষ হলে মিটারের পুশবাটন চাপ দিলে এ নেগেটিভ ব্যালেন্স ব্যবহৃত হতে থাকবে। তবে পরবর্তী রিচার্জের সময় তা সমন্বয় করে নেওয়া হবে। স্মার্ট কার্ডে রিচার্জ প্রি-পেইড মিটার রিচার্জ করার জন্য একটি স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে গ্রাহককে। এ কার্ডের মাধ্যমে সর্বনিু ২০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৫০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। শনিবার এবং ঈদসহ অন্যান্য ছুটিরদিনে জরুরি হিসেবে গ্রাহকরা কোম্পানির লালমাটিয়ার দপ্তর থেকে ৫০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। এ ছাড়া মিটার ভাড়া হিসেবে প্রতি মাসে ৫০ টাকা দিতে হবে গ্রাহককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১২০৭ ঘ.