২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সেই শিপ ইয়ার্ডকে ২৫ লাখ টাকা জরিমানা

গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যুর পরদিন সীতাকুণ্ডের সেই শিপ ব্রেকিং ইয়ার্ডকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যুর পরদিন সীতাকুণ্ডের সেই শিপ ব্রেকিং ইয়ার্ডকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বিষাক্ত গ্যাস নিঃসরণের দায়ে সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত জিরি সুবেদার স্টিল রি রোলিং মিল নামক শিপ ব্রেকিং ইয়ার্ডকে সোমবার এ জরিমানা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জাফর আলমের নেতৃত্বে একটি দল পরিবেশ-প্রতিবেশের ক্ষতিসাধন করায় ইয়ার্ডটিকে এ জরিমানা করে। রোববার সন্ধ্যায় এই ইয়ার্ডে একটি পুরনো জাহাজে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসভর্তি সিলিন্ডার গ্যাসমুক্ত করার সময় গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হয় কয়েকজন শ্রমিক। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক তাজমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফেরা ডটকমকে বলেন, "ওই শিপ ইয়ার্ডটি ক্ষতিকর গ্যাস নিঃসরণ এবং অধিদপ্তর থেকে অনুমতি নেওয়ার আগে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা ছাড়া জাহাজ ভাঙার উদ্যোগ নেওয়ায় এ জরিমানা করা হয়েছে।" তিনি জানান, এছাড়া শিপ ইয়ার্ডের ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে কাজ পরিচালনা করায় এর ছাড়পত্র কেন বাতিল করা হবে না তা জানাতে সাতদিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাজমিনুর রহমান জানান, গত ১৩ অক্টোবর এমভি ভার্তা ভুম নামক পরিত্যক্ত জাহাজটি ওই ইয়ার্ডে ভেড়ানো হয়। এ অনুমতি থাকলেও এটির ৬১টি কার্বন-ডাই-অক্সাইড গ্যাস সিলিন্ডারের গ্যাস কোনো ধরণের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ছাড়াই নিঃসরণ করা হয়। এ সময় বিস্ফোরক অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৪৯ ঘ.