ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- বিদেশি বিনিয়োগ যথেষ্ট নয় বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সরকারি-বেসরকারি অংশিদারিত্ব উদ্যোগ-পিপিপি নিয়ে এক আলোচনায় তিনি বলেন, "বড় বিনিয়োগের জন্য বেসরকারি ও বিদেশি বিনিয়োগ প্রয়োজন। কিন্তু বিদেশি বিনিয়োগ থমকে আছে। এক্ষেত্রে আমরা পিছিয়ে আছি।"
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে ৭৬ কোটি ৮০ লাখ ডলারের এফডিআই (সরাসরি বিদেশি বিনিয়োগ) দেশে এসেছে। ২০০৯-১০ অর্থবছরে এসেছিলো ৯১ কোটি ৩০ লাখ ডলার। ২০০৮-০৯ অর্থবছরে আসে ৯৬ কোটি ১০ লাখ ডলার।
তবে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এফডিআই বেড়েছে। গত বছরের জুলাই মাসে এসেছিলো ৫ কোটি ৭ লাখ ডলার। আর চলতি বছরের জুলাই মাসে এসেছে ১০ কোটি ২০ লাখ ডলার।
পিপিপির মাধ্যমে সরকার দেশে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে বলে জানান মুহিত। পিপিপি'র উদ্যোগ সফল করতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনের কথাও তুলে ধরে ধরেন তিনি।
সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, "পৃথিবীর অনেক দেশ পিপিপি'র মাধ্যমে এগিয়েছে। আমাদেরও সে পথে অগ্রসর হতে হবে।"
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "সরকারি-বেসরকারি খাত মিলে ৫০টি বড় প্রকল্প নির্বাচন করতে হবে। সেগুলো পিপিপি উদ্যোগে বাস্তবায়ন করতে হবে।"
রূপসী বাংলা হোটেলে 'দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য পিপিপি'-শীর্ষক আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম, সাবেক সভাপতি হোসেন খালেদ, মেট্ট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিহাদ কবির।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (ডিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এমসিসিআই) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০০১ ঘ.
bdnews24