২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টু-জি লাইসেন্স নবায়নে বিটিআরসির চিঠি

টু-জি লাইসেন্স নবায়নে স্পেকট্রাম চার্জসহ অন্যান্য ফি'র টাকা জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় দিয়ে চার অপারেটরকে চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টু-জি লাইসেন্স নবায়নে স্পেকট্রাম চার্জসহ অন্যান্য ফি'র টাকা জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় দিয়ে চার অপারেটরকে চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং সিটিসেলকে সোমবার এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান। গত ১০ অক্টোবর গ্রামীণফোন, রবি (আজিয়াটা) ও সিটিসেল এবং তার আগের দিন বাংলালিংক লাইসেন্স নবায়নের আবেদন জমা দেয়। টু-জি লাইসেন্স নবায়নের আবেদনে যে সব কাগজপত্রের ঘাটতি রয়েছে, তা ১০ দিনের মধ্যে দিতে বলেছে বিটিআরসি। চিঠি দেওয়ার অর্থাৎ সোমবার থেকে ১৫ দিনের মধ্যে অপারেটরদের লাইসেন্স নবায়নের জন্য ফি'র ৪৯ শতাংশ জমা দিতে হবে। চিঠিতে সব অপারেটরের স্পেকট্রাম মূল্য কখন কতটা পরিশোধ করতে হবে, তা বলে দেওয়া হয়েছে। শহিদুজ্জামান বলেন, আগামী নভেম্বরের ৯ অথবা ১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের লাইসেন্স দেওয়া হবে। গত ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়য়ের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। নীতিমালা অনুয়ায়ী, ১১ অক্টোবরের মধ্যে লাইসেন্স নবায়নের আবেদন করতে বলা হয়। নীতিমালায় সব ধরনের তরঙ্গের (স্পেকট্রাম) মূল্য একই রাখা হয়েছে। তবে মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) অনুযায়ী গ্রামীণফোনকে সবচেয়ে বেশি ও সিটিসেলকে সবচেয়ে কম মূল্য দিতে হচ্ছে। ৩০ জুনে প্রত্যেক অপারেটরের যত গ্রাহক ছিলো তার ওপর ভিত্তি করেই মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) নির্ধারণ করা হয়েছে। স্পেকট্রাম ফি দেড় বছরে চার কিস্তিতে পরিশোধ করতে হবে। নীতিমালায় স্পেকট্রামের মেগাহার্জ-প্রতি ফি জিএসএম ও সিডিএমএ ব্যান্ডের জন্য একই অর্থাৎ ১৫০ কোটি টাকা নির্ধারিত রয়েছে। গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভায় স্পেকট্রাম চার্জ নির্ধারণ করা হয়। নীতিমালায় লাইসেন্স নবায়নের জন্য আবেদন ফি ১ লাখ টাকা, নবায়ন ফি ১০ কোটি টাকা ও বার্ষিক ফি ৫ কোটি টাকা নির্ধারিত রয়েছে। গ্রামীণফোনকে তাদের ১৪ দশমিক ৬ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য ৩ হাজার ২৪১ কোটি ২ লাখ টাকা, বাংলালিংককে তাদের ১২ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য ১ হাজার ৯৭১ কোটি ৬০ লাখ, রবিকে তাদের ১২ দশমিক ৮ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য ১ হাজার ৯০০ কোটি ৮০ লাখ এবং সিটিসেলকে তাদের ব্যবহারযোগ্য ৮০০ ব্যান্ডের ১০ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য ৪৫০ কোটি টাকা দিতে হবে। নীতিমালা অনুসারে এই টাকার ৪৯ শতাংশ আবেদনের ১৫ দিনের মধ্যে, ১৭ শতাংশ ১৮০ দিনের মধ্যে, আরো ১৭ শতাংশ ৩৬০ দিনের মধ্যে এবং শেষ কিস্তি হিসেবে বাকি ১৭ শতাংশ ৫৪০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। নীতিমালা অনুসারে, গ্রামীণফোনকে লাইসেন্স নবায়ন ফি'র ৪৯ শতাংশ এবং ১০ কোটি টাকা লাইসেন্স ফি হিসেবে তাদের ৩১ অক্টোবরের মধ্যে দিতে হবে ১ হাজার ৫৯৮ কোটি ১৯ লাখ টাকা, বাংলালিংককে দিতে হচ্ছে ৯৭৬ কোটি টাকা, রবিকে দিতে হবে ৯৪১ কোটি ৪০ লাখ টাকা এবং সিটিসেলকে দিতে হচ্ছে ২৩০ কোটি ৫০ লাখ টাকা। এ হিসেবে লাইসেন্স নবায়নে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরকারের কোষাগারে এ খাত থেকে জমা পড়ছে ৩ হাজার ৭৪৬ কোটি টাকা। দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে সাড়ে ৭ কোটির বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। ১ কোটির বেশি মানুষ ইন্টারনেট সেবা নিচ্ছেন, যার ৯৪ শতাংশই তা ব্যবহার করেন মোবাইল ফোনের মাধ্যমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮৫৫ ঘ.