ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের অনশনের মধ্যেই পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
প্রায় আড়াইঘণ্টাব্যাপী বৈঠক রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি এসইসি চেয়ারম্যান ম. খায়রুল হোসেন।
তিনি বলেন, "আমার কিছুই বলা ঠিক হবে না। কোনো কিছু বলার থাকলে অর্থমন্ত্রী বলবেন।"
এ সময় এসইসির অপর চার সদস্য উপস্থিত ছিলেন।
গত দুই সপ্তাহের ধারাবাহিকতায় 'ব্যাপক' দরপতন দিয়ে রোববার সপ্তাহ শুরু করে দেশের দুই পুঁজিবাজার।
বাজার স্থিতিশীল করার দাবিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মাথায় 'কাফন' বেঁধে এদিন আমরণ অনশন শুরু করে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। রাতেও তারা ডিএসইর সামনে অবস্থান নিয়ে থাকে। তারা বাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। তাদের কর্মসূচিতে উপস্থিত হয়ে পাশে থাকার ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এই পরিস্থিতিতে রোববার সন্ধায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করে এসইসি চেয়ারম্যান ও সদস্যরা।
রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৮১ দশমিক ৩১ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৩৮৭ পয়েন্ট। এদিন লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০৬ কোটি ৩৫ লাখ টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ২৬৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৬৮৯ দশমিক ৯০ পয়েন্ট।
অনশনকারীরা পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত এবং ব্রোকারেজ কমিশনের উৎসে আয়কর কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড থেকে আদেশ জারির দাবিও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এফএফএস/পিডি/২১৫০ ঘ.
bdnews24