২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটে বিএনপি'র তেমন আপত্তি নেই: মুহিত

ট্রানজিট নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি'র এখন আর তেমন আপত্তি নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিট নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি'র এখন আর তেমন আপত্তি নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্রের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "ভারতসহ অন্য দেশে ট্রানজিট সুবিধা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সর্বসম্মত অবস্থান নিয়েছে। এমনকি প্রধান বিরোধী দল বিএনপি'রও এ ব্যাপারে এখন তেমন আপত্তি নেই। তাদের আপত্তি ফি বা চার্জ নিয়ে।" এখন ট্রানজিট ফি নির্ধারণকেই 'প্রধান কাজ' হিসেবে উল্লেখ করে মুহিত বলেন, "এ কাজটি মার্চের আগেই করতে হবে। আমরা আশা করছি এ সময়ের মধ্যেই সমঝোতায় আসতে পারবো।" তিনি বলেন, "ট্রানজিটের ফি নির্ধারণ বিষয়ে আমাকে প্রধান করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। আগামী মাসে এ কমিটির বৈঠক ডাকা হবে। ওই বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।" ভারত তার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনের সুবিধায় বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট চেয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেপ্টেম্বরের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের কথা থাকলেও তা হয়নি। ওই সফরেই তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে তা হয়নি। ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ চেয়েছেন বলে জানান মুহিত। তিনি বলেন, "আমাদের দুই বন্দরেরই যে সামর্থ্য আছে- তার পুরোটা ব্যবহার হয় না। তারা সেই বাড়তিটাই ব্যবহার করতে চায়। আমি সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাইনি।" রাস্তাঘাট ঠিক না করে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশ কতোটা লাভবান হবে- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "ভারতীয় ঋণে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আরও কিছু হবে। এ বিষয় নিয়ে আমি খুব একটা চিন্তিত নই।" ভারতীয় হাইকমিশনার বলেন, "অর্থমন্ত্রীর সঙ্গে এটা আমার বিদায়ী সাক্ষাৎ। সাক্ষাতে দু দেশের অর্থনীতির স্বার্থে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি চেয়েছি। মন্ত্রী বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছেন।" ট্রানজিট ট্রান্সশিপমেন্টের ফি আগামী মার্চের মধ্যে র্নিধারণ হবে বলে গত সপ্তাহের বলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১২৮ ঘ.