২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে 'মোটামুটি সমাধান' হয়েছে: মুহিত

দুর্নীতির অভিযোগ ওঠায় পদ্মা সেতুর অর্থায়ন জটিলতা নিয়ে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে 'মোটামুটি' একটি সমাধানে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ ওঠায় পদ্মা সেতুর অর্থায়ন জটিলতা নিয়ে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে 'মোটামুটি' একটি সমাধানে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা মোটামুটি একটি সমাধানে পৌঁছেছি। তবে এখনই কিছু বলা যাবে না।" তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ করেছে, সে বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে একটি চিঠি তৈরি করা হচ্ছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমানকে। চিঠিটি তৈরি করে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। "তারপর সেটি আমার কাছে আসলে আমি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বরাবরে পাঠাবো। এরপর এ বিষয়ে সরকারের বক্তব্য জানিয়ে একটি প্রেসনোট ইস্যু করা হবে।" আর সবকিছু এ সপ্তাহেই হবে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী। "পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে যে জটিলতা সৃস্টি হয়েছে- সেটা একটা সাময়িক ব্যাপার। সবকিছু ঠিক হয়ে যাবে।" পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়। এরপর বিশ্বব্যাংক কয়েকদিন আগে অর্থায়ন স্থগিতের কথা জানায়। দেশের সর্ববৃহৎ এ নির্মাণ প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি দিয়েছিল সংস্থাটি। কথিত সেই দুর্নীতি নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকেও অভিযোগের আঙুল ওঠে। বদলি করা হয় সেতু বিভাগের সচিবকে। অবশ্য সরকার দাবি করে আসছে, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও রোববার জানান, তিনি যতো দ্রুত সম্ভব পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে অচলাবস্থা নিরসনের আশ্বাস দিয়েছেন। দীপু মনি সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ১৩ অক্টোবর কথা হয়েছে আমার। আমি তাকে বলেছি, এটা আমাদের দরকার।" "তিনি যতো দ্রুত সম্ভব পদ্মা সেতু নিয়ে অচলাবস্থা নিরসনের আশ্বাস দিয়েছেন", যোগ করেন দীপু মনি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। বিশ্বব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এ সেতু নির্মাণের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৬৩৪ ঘ.