চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকের 'দক্ষিণ সাঙ্গু-৪' কূপে গ্যাস মিলবে কি না তা দুই সপ্তাহের মধ্যে তা জানাতে পারবে অস্ট্রেলীয় কোম্পানি সান্টোস।
সান্টোস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ড্রিলিং ইঞ্জিনিয়ার হাসনাইন ইব্রাহীম বাবু শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গ্যাসের জন্য এ কূপে ৩ হাজার ৬০০ মিটার পর্যন্ত খনন করবো। এই কূপে গ্যাস পাওয়া যাবে কি না- তা আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে জানা যাবে।"
গত তিন সপ্তাহ ধরে 'দক্ষিণ সাঙ্গু-৪' কূপে খনন চালিয়ে আসছে বহুজাতিক এই কোম্পানি। বঙ্গোপসাগরের মোট তিনটি ব্লকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খনন করছে তারা।
চট্টগ্রাম সৈকত থেকে ৪৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ড্রিলিং রিগ 'অফসোর রিসলিউট'-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সান্টোস কর্মকর্তারা।
সান্টোস বাংলাদেশের সহ-সভাপতি (গভার্নমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজউদ্দৌলাহ সাংবাদিকদের বলেন, "আগামী দুই সপ্তাহের মধ্যে খনন সম্পন্ন হলে এখানে গ্যাস আছে কি না এবং থাকলে তার সম্ভাব্য মজুদ সম্পর্কে জানা যাবে বলে আমরা আশা করছি।"
গ্যাস পাওয়া গেলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পাইপ লাইন বসিয়ে তা সরবরাহ করা যাবে বলে উল্লেখ করেন তিনি।
গত ২৪ সেপ্টেম্বর ভোর থেকে দক্ষিণ সাঙ্গু-৪ নম্বর কূপ খনন শুরু হয়। এ জন্য গত ১৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে নতুন রিগ 'অফসোর রিসলিউট' আনা হয়।
সান্টোস কর্মকর্তারা জানান, সাঙ্গু-১১ কূপের খনন এ বছরের ১৫ নভেম্বর এবং উত্তর-পূর্ব সাঙ্গু-১ কূপের খনন আগামী ৮ জানুয়ারি শুরু হতে পারে।
দক্ষিণ সাঙ্গু কূপের খনন কাজ এ বছরের ১৫ নভেম্বর, সাঙ্গু-১১ আগামী বছরের ৮ জানুয়ারি এবং সাঙ্গু-১ কূপের খনন কাজ ২০১২ সালের ২২ ফেব্র"য়ারি শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সান্টোস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/০০৫৬ ঘ.
bdnews24