ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানির বিল বাবদে ২৫ লাখ টাকা বকেয়া থাকায় রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন 'সিটি হার্ট টাওয়ার'-এর দুটি পানির লাইন এবং একটি গভীর নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা ওয়াসার ভ্রাম্যমাণ আদালত।
নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে ভবন কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার ঢাকা ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ৭ লাখ টাকা পানির বিল পরিশোধ করেছে ওরিয়ন গ্র"প। অথচ ওয়াসার হিসাবে এই সময়ে তাদের বিল হওয়ার কথা প্রায় ৫০ লাখ টাকা।
ওরিয়ন গ্র"পের এ ভবনের নির্মাণ কাজ ২০০৫ সালের মার্চে শুরু হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি। তিনটি বেজমেন্টসহ ৪ লাখ ৮০ হাজার বর্গফুটের ৩৭ তলা সিটি হার্ট টাওয়ারই এখন পর্যন্ত দেশের সবচেয়ে উঁচু ভবন।
ওয়াসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত সেখানে দুটি পানির লাইন এবং একটি গভীর নলকূপের সংযোগ পায়, যেখানে একটি লাইনে মিটার ছিল না।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিদর্শনের পর ন্যূনতম হারে ২০০৫ সাল থেকে ভবনটির সংশোধিত বিল ধরা হয় ৩২ লাখ টাকা। আগে জমা দেওয়া ৭ লাখ টাকা বাদ দিয়ে বাকি ২৫ লাখ টাকা ২৪ ঘণ্টা অর্থাৎ বুধবার ১২টার মধ্যে পরিশোধ করতে বলা হয়।
কিন্তু ভবন কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় দুটি পনির লাইন ও একটি গভীর নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি।
এ বিষয়ে 'সিটি হার্ট টাওয়ার' কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরনেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮৩৯ ঘ.
bdnews24