ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী রোববার রাত ৮টা পর্যন্ত জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ দিন হওয়ায় আয়কর সার্কেল কার্যালয়গুলো ওই সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
গত ২ অক্টোবর আয়কর বিবরণী দাখিলের সময়সীমা দুই সপ্তাহ বাড়িয়ে ১৬ অক্টোবর করা হয়। এর আগে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৩০ সেপ্টেম্বর।
তথ্যবিবরণীতে বলা হয়, করদাতাদের সুবিধার্থে ১৬ অক্টোবর রোববার আয়কর সার্কেল কার্যালয়গুলো রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজস্ব বোর্ডের হিসাবে, দেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৬ লাখ। এর মধ্যে করদাতা ৯ লাখ।
২০০৯-১০ অর্থবছরে ৮ লাখ ১৫ হাজার করদাতার কাছ থেকে আয়কর আদায় হয়েছিলো ১৭ হাজার ৮৭ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ২১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২০৫৩ ঘ.
bdnews24