আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি, লেনদেনের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট), আমদনি ব্যয় বৃদ্ধিসহ অর্থনীতির প্রধান কয়েকটি সূচক নেতিবাচক হলেও দেশের অর্থনীতিতে আশঙ্কার কিছু দেখছেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তার বিশ্বাস, এসব সূচক শিগগিরই আবার ইতিবাচক ধারায় ফিরবে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ইকনোমি ইজ নট ইন ড্যানজার। যে সব ক্ষেত্রে সমস্যা আছে তা আগামী কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।"
বর্তমানে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের মাত্রাতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা দেশের অর্থনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থ্যাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ৮ হাজার ১৩০ কোটি ৫৮ লাখ টাকা ঋণ নিয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ হাজার ১২১ কোটি ৭৬ লাখ টাকা বেশি।
এ বিষয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "বিদেশি সাহায্য প্রবাহের প্রত্যাশিত গতি না থাকায় এবং ব্যাংক বহির্ভূত উৎস থেকে প্রাপ্তি কম হওয়ায় সরকারের ঋণ বেড়েছে। তবে এ অংক চলতি অর্থবছরে সরকারের ঋণ নেওয়ার সম্ভাব্য মাত্রার (১৯ হাজার কোটি টাকা) অর্ধেকেরও কম হওয়ায় এখনই উদ্বেগের কিছু নেই।"
সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ায় মূল্যস্ফীতি বাড়ছে- এ ধারণার সঙ্গেও একমত নন গভর্নর।
তিনি বলেন, "সরকারি খাতে ব্যয়ের উল্লেখযোগ্য অংশ ভর্তুকি হিসেবে ব্যবহার হয়, যা মূল্যস্ফীতি কমিয়ে রাখে। বিভিন্ন খাতে সরকারের এই ভর্তুকি কমানো হলে মূল্যস্ফীতি না কমে উল্টো বাড়বে।"
ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ায় বেসরকারি খাত ঋণ পাচ্ছে না- এমন অভিযোগ নাকচ করে আতিউর রহমান বলেন, "বর্তমানে সরকারি খাতের ৭৯ হাজার ২৬৭ কোটি টাকার ঋণ স্থিতি থেকে সরকার ব্যাংক ব্যবস্থায় ২৩ হাজার ৬০০ কোটি টাকা আমানত রেখেছে। এই অর্থ অন্যান্য আমানতের মতো সরকারি-বেসরকারি উভয় খাতে ঋণ যোগানের জন্য ব্যাংকগুলো ব্যবহার করছে।"
কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি স্থিতিশীল রাখা সম্ভব হবে- এমন প্রত্যাশা করে কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, "আন্তর্জাতিক বাজারে আমাদের প্রধান আমদানি পণ্যগুলোর দাম নিম্মমুখী থাকায় সামনের মাসগুলোতে স্থানীয় বাজারে এর অনুকূল প্রভাব পড়বে। তাছাড়া বাজারে তারল্য প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করবে।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাস ভিত্তিক) অগাস্ট মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ২৯ শতাংশ, যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মানও ক্রমশ কমছে। গত এক বছরে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার কমেছে ৭ শতাংশের বেশি।
অবশ্য এই নেতিবাচক প্রবণতাকেও আশঙ্কাজনক বলে মনে করছেন না আতিউর রহমান।
"সময়ে সময়ে বড় বড় অংকের আমদানি দেনা পরিশোধের (বিশেষ করে জ্বালানি তেল) কারণে বিনিময় হারে চাপ সৃস্টি হয়। তবে ৩৫ দশমিক ৭২ শতাংশ আমদানি প্রবৃদ্ধির (জুলাই ২০১১) বিপরীতে ৩০ দশমিক ৪৪ শতাংশ রপ্তানি আয় (জুলাই-আগস্ট) এবং রেমিটেন্সে ১১ দশমিক ৩৫ শতাংশ প্রবৃদ্ধি থাকায় সামগ্রিকভাবে এই চাপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাবে না।"
মুদ্রাবাজারে তারল্য নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সফল হলে টাকার মূল্যমান স্থিতিশীল থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পাশের দেশ ভারতের উদাহরণ টেনে গভর্নর বলেন, ৩০ জুন থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। আর একই সময়ে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছে ৮ দশমিক ৩৫ শতাংশ।
শিল্পখাতে মূলধানী যন্ত্রপাতি আমদানিতে (ক্যাপিটাল মেশিনারিজ) বিদেশি ব্যাংক থেকে ঋণ নিতে উৎসাহিত করা হচ্ছে জানিয়ে আতিউর বলেন, "ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্পে বিদেশি ঋণ অনুমোদনও করা হয়েছে। আরও কয়েকটি ঋণ অনুমোদনের অপেক্ষায় আছে। এতে করে পণ্য আমদানির কারণে টাকার মূল্যমানের ওপর চাপ আগের চেয়ে কমে পড়বে।"
আমদানি ব্যয়ও শিগগিরই কমে আসবে- এমন আশা প্রকাশ করে গভর্নর জানান, আমদানি ব্যয় কমলে বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়বে। লেনদেনের ভারসাম্যও ঠিক থাকবে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের কিছু বেশি। আমদানি ব্যয় বাড়ায় কয়েকদিন আগে রিজার্ভ ৯ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে নেমে আসে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১০০ কোটি ডলার ইসিএফ (এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসলিটি) পাওয়া গেলে লেনদেনের ভারসাম্য আরো মজবুত হবে বলেও উল্লেখ করেন আতিউর।
গত ৩ অক্টোবর ওয়াশিংটনে আইএমএফের বার্ষিক সভায় যোগ দেওয়ার পর দেশে ফিরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ইসিএফের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে আইএমএফ। শিগগিরই এ ঋণ পাওয়া যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অগাস্ট শেষে অভ্যন্তরীণ ঋণ ও অর্থ সরবরাহের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৬ এবং ২১ দশমিক ৬ শতাংশ, যা ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে।
মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ ও অর্থ সরবরাহের ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ দশমিক ৭ এবং ২১ দশমিক ৪ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০৩১ ঘ.
bdnews24