ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন, গ্রামীণফোনের আরো ১৬টি নিয়মভঙ্গের প্রমাণ রয়েছে।
বুধবার দুপুরে গ্রামীণফোনের কাছে পাওনা টাকা বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান।
গ্রামীণফোনের (জিপি) নিরীক্ষা প্রতিবেদনে ছয়টি বিষয়ে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা পুনরুল্লেখ করে জিয়া বলেন, "নিরীক্ষার বাইরে এ অপারেটরের বিরুদ্ধে আরো ১৬টি নিয়মভঙ্গের প্রমাণ রয়েছে।"
কোন্ কোন্ বিষয়ে গ্রামীণফোন নিয়মভঙ্গ করেছে জানতে চাইলে জিয়া বলেন, "তা ধীরে ধীরে প্রকাশ করা হবে।"
গ্রামীণফোনের সঙ্গে আলোচনা বিষয়ে তিনি বলেন, "আমরা অনেক উদারতার পরিচয় দিয়েছি, আলোচনায় বসার জন্য মঙ্গলবারও তাদের চিঠি দেওয়া হয়। গ্রামীণফোন কোনো উত্তর দেয়নি।"
'আরো নিয়মভঙ্গ' প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বিকেলে বলেন, "গ্রামীণফোনের বিরুদ্ধে আরো নিয়মভঙ্গের প্রমাণের ব্যাপারে বিটিআরসি শুধু সাংবাদিকদের বলেছে, কিন্তু এ ব্যাপারে গ্রামীণফোনের সঙ্গে কোনো আলোচনা হয়নি।"
বিটিআরসি'র মঙ্গলবারের চিঠির ব্যাপারে মনিরুল কবির বলেন, "চিঠি স্থগিত করার যে শর্ত দেওয়া হয়েছিল সে বিষয়ে বিটিআরসি কোন মন্তব্য করেনি।"
গত ৩ অক্টোবর পাওনা চেয়ে বিটিআরসির দেওয়া চিঠিতে যে ২১ দিন সময় বেধে দেওয়া হয়েছিল তার মধ্যে গ্রামীণফোনকে আলোচনায় বসার কথা মঙ্গলবারের চিঠিতে বলে বিটিআরসি।
এনবিআরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জিয়া আহমেদ বলেন, "নিরীক্ষা প্রতিবেদনে গ্রামীণফোনের কাছে এনবিআরের ৮৮৭ কোটি ৫৭ লাখ টাকা পাওয়া নিয়ে আলোচনা হয়েছে।"
তিনি বলেন, "গ্রামীণফোন অনেক তথ্য গোপন করেছে।"
"অডিটে অতিরিক্ত এক কোটির বেশি গ্রাহকের সন্ধান পাওয়া গেছে, এ এক কোটি সিম থেকে যে কল করা হয়েছে সেখান থেকেও রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।"
"গ্রামীণফোনের কাছ থেকে বিটিআরসি ও এনবিআর কিভাবে টাকা আদায় করবে সে বিষয়ে আলোচনা হয়েছে," জানিয়ে জিয়া বলেন, "এনবিআরের পাওনার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে এবং বিটিআরসি তার পাওনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাবে। মূলত দুটি সরকারি প্রতিষ্ঠান এক যোগে টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যাবে।"
"নিরীক্ষা প্রতিবেদন নিয়ে গ্রামীণফোনের অভিযোগগুলোর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করার জন্য তারা (গ্রামীণফোন) ২৪ অক্টোবরের আগে যে কোনো সময় আসতে পারে।", বলেন বিটিআরসি চেয়ারম্যান।
বিটিআরসির মঙ্গলবার দেওয়া চিঠি বিষয়ে গ্রামীণফোনের অবস্থান বুধবার জানানো হবে বলে মঙ্গলবারই বলেছিলেন গ্রামীণফোনরে চফি কমউিনকিশেন অফসিার কাজি মনিরুল।
বিটিআরসির মঙ্গলবারের চিঠিতে পাওনা চেয়ে বিটিআরসির দেওয়া চিঠি প্রত্যাহার করতে গ্রামীণফোনের দেওয়া শর্ত নিয়ে কিছু বলা হয়নি। নিরীক্ষা প্রতিবেদন নিয়ে গ্রামীণফোনের আপত্তি স্পষ্ট করতে প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে আসতে বলা হয়েছে।
একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৩ অক্টোবর বিটিআরসি ৩ হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল।
এর আগে নিরীক্ষার বিষয়ে আলোচনা করতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে আলোচনায় বসতে গত ৫ অক্টোবর চিঠি দেয় বিটিআরসি। নিরীক্ষা প্রতিবেদন নিয়ে গ্রামীণফোনের আপত্তির বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে আসতে বলা হয়।
এ প্রেক্ষিতে বিটিআরসি-গ্রামীণফোনের বৈঠক হয় সোমবার। ওই বৈঠকে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে পাওনা চেয়ে বিটিআরসির পাঠানো চিঠি প্রত্যাহারের শর্ত দেয় গ্রামীণফোন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০০৪ ঘ.
bdnews24